২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সম্পত্তির অনুসন্ধানে নামছে দুদক

আপিল বিভাগের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা হিসাব বিবরণীর বাইরে কোনো সম্পত্তি আছে কি না তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা হিসাব বিবরণীর বাইরে কোনো সম্পত্তি আছে কি না তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং-এ তথ্য জানান। তিনি বলেন, "শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে কমিশনের পাঠানো নোটিশের বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। সুতরাং তার সম্পত্তির অনুসন্ধান কাজ আবার শুরু হবে। এ ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।" গত বছরের ২ সেপ্টেম্বর শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে কমিশনের কাছে সম্পত্তির হিসাব দেন। বিবরণীতে তিনি প্রায় ৩ কোটি ১০ লাখ টাকার সম্পত্তির কথা উল্লেখ করেন বলে তার আয়কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন। মনিরুজ্জামান আরও বলেছিলেন, হাসিনার সম্পত্তির অধিকাংশ বাবা, মা ও দাদার সূত্রে পাওয়া। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকাটি বাদ দিয়ে ১৫ বিঘা জমি রয়েছে, যার অর্ধেকের মালিক শেখ রেহানা। এছাড়া তার নামে গোপালগঞ্জে ৪০ কাঠা জায়গায় টিনশেডের একটি বাড়ি রয়েছে। সেখানে একটি পুকুরও রয়েছে। শেখ হাসিনার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বৃহস্পতিবার বাতিল করে আপিল বিভাগ। গত বছরের ১৭ জুলাই শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৯০০ঘ.