২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সুজার ১৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় দেন। স্বামীকে সহযোগিতা করায় সুজার স্ত্রী খোদেজা রশিদীকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সুজা ও তার স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। অবৈধ সম্পদ অর্জন করায় ১০ বছর এবং সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ায় তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সুজাকে। সাজা একটি শেষ হলে অপরটি কার্যকর হবে। এ কারণে তাকে ১৩ বছরই কারাভোগ করতে হবে। এছাড়া অবৈধভাবে অর্জিত তিন কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ১০ জুলাই কমিশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান বাদি হয়ে সুজা, তার স্ত্রী খোদেজা, দুই কন্যা সানজিদা রশিদী শিম্মী ও তানিজা রশিদী তুর্কীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, আসামি সুজা কমিশনে দাখিল করা বিবরণীর বাইরে ৭৮ লাখ ৮৫ হাজার টাকর সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত ভাবে ৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩০৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন। সুজাকে সহযোগিতার অভিযোগে স্ত্রী ও তার দুই মেয়েকে আসামি করা হয়। তবে অভিযোগপত্র থেকে দুই মেয়ের নাম বাদ দেওয়া হয়। গত ২৪ জানুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৩০ জানুয়ারি থেকে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৪ জন সাক্ষ্য দেয়। ৪ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর বিচারক রায় দেওয়ার এ তারিখ ধার্য করেন। তত্ত্বাবধায় সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে স্ত্রী সন্তানসহ স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় সুজার নামও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৭২০ঘ.