ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অপরাধ প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় দেন।
ইকবালকে সহযোগিতা করায় তার স্ত্রী ডা. মমতাজ বেগম ডলি, ছেলে মঈন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দণ্ড দেয় আদালত।
এ মামলার সব আসামি পলাতক রয়েছেন। তাদের আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
ইকবালকে দুটি ধারায় দেওয়া সাজার মধ্যে অবৈধ সম্পত্তি অর্জনের জন্য ১০ বছরের সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপনের জন্য তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। একটি সাজা শেষ হলে অপরটি কার্যকর হবে। এ কারণে ইকবালকে ১৩ বছরই কারাভোগ করতে হবে।
অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. ইব্রাহীম গত বছরের ২৫ জুন গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ডা. ইকবাল কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৬৯২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একইসঙ্গে তিনি ঘোষিত আয়ের বাইরে ২ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৭১৯ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। আর মমতাজ বেগম এই দুর্নীতির ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করেছেন।
এছাড়া মঈন ইকবাল ও ইমরান ইকবালের বিরুদ্ধে ৬ লাখ ৭৫ হাজার করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার এবং নওরিন ইকবালের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৭৫১ টাকার সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ আনা হয়।
গত বছরের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন সন্দেহভাজন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে এবং ৭২ ঘণ্টার মধ্যে তাদের ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলে। ওই তালিকায় ডা. ইকবালের নামও ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এএল/এমএ/১৫৫০ ঘ.
bdnews24