ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি শেখ হাসিনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন তার দুই ব্যক্তিগত চিকিৎসক।
বৃহস্পতিবার বিকালে চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবির চৌধুরী ও মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আব্দুল্লাহ শেরে বাংলা নগরের বিশেষ কারাগারে গিয়ে শেখ হাসিনাকে প্রায় পৌনে তিন ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা করেন।
বিকাল পৌনে ৬ টার দিকে কারাগার থেকে বেরিয়ে কবির চৌধুরী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।"
তিনি বলেন, "আমি ব্যবস্থাপত্রে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি।"
শেখ হাসিনাকে উদ্ধৃত করে ডা. কবির চৌধুরী সাংবাদিকদের বলেন, "তার (হাসিনা) যখন যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা দেখানোর জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে তিনি সময়সতো পাচ্ছেন না। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।"
তিনি জানান, শেখ হাসিনা আগে থেকেই এলার্জির সমস্যায় ভুগছিলেন। এখন এটি আরও বেড়েছে। তার চামড়া শুকিয়ে গেছে।
কবির চৌধুরী বলেন, 'দুশ্চিন্তা ও পরিবেশগত কারণে' এলার্জির সমস্যা বাড়তে পারে। তবে কী কারণে তার এলার্জি বাড়ছে, তা পরীক্ষা করা প্রয়োজন।
পরে উপ-মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের জানান, এ পর্যন্ত বেশ কয়েকজন চিকিৎসক হাসিনাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, "আরো কয়েকজন চিকিৎসক শেখ হাসিনাকে পরীক্ষা করবেন। এক সপ্তাহ পর তার চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে বুধবার চিকিৎসক বরেণ চক্রবর্তী, এ বি এম আবদুল্লাহ ও শাহলা খাতুন বিশেষ কারাগরে গিয়ে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন। তিন চিকিৎসকই বলেছেন, হাসিনাকে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিআর/জেকে/২০৪৭ ঘ.
bdnews24