২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির সঙ্গে অভিন্ন ইস্যুতে কাজ করতে চায় বিকল্পধারা

নির্বাচনের পর একটি 'ঐকমত্যের সরকার' চায় বিকল্পধারা ও জাতীয় পার্টি। তবে নির্বাচনের আগে সংশ্লিষ্ট দলগুলোকে অভিন্ন ইস্যুতে অঙ্গীকারাবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি জাতীয় পার্টির সঙ্গে অভিন্ন ইস্যুতে কাজ করার ক্ষেত্র অনুসন্ধান করছেন বলে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পর একটি 'ঐকমত্যের সরকার' চায় বিকল্পধারা ও জাতীয় পার্টি। তবে নির্বাচনের আগে সংশ্লিষ্ট দলগুলোকে অভিন্ন ইস্যুতে অঙ্গীকারাবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি জাতীয় পার্টির সঙ্গে অভিন্ন ইস্যুতে কাজ করার ক্ষেত্র অনুসন্ধান করছেন বলে জানান। বুধবার দুপুরে বদরুদ্দোজা চৌধুরীর গুলশানের বাসায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন। এর পর অধ্যাপক বি চৌধুরী সাংবাদিকদের বলেন, "এরশাদ সাহেব মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণে আমার এখানে এসেছেন। আমরা অভিন্ন ইস্যুতে কাজ করার ক্ষেত্র অনুসন্ধান করছি।" তিনি বলেন, ''আমরা নির্বাচনের পর একটি ঐক্যমতের সরকার গঠনের পক্ষে। এ রকম সরকার হলে দেশের উপকার হবে। তবে নির্বাচনের আগে সংশ্লিষ্ট দলগুলোকে অভিন্ন ইস্যুতে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।'' এরশাদ বলেন, ''সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ও একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা একমত। এজন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই।'' গত বছরের জানুয়ারিতে গঠিত মহাজোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ''আমি ও এরশাদ সাহেব ওই জোটে ছিলাম। আওয়ামী লীগও ছিল। মহাজোটের শরীক দলগুলোর সঙ্গে এখনও আমাদের সুসর্ম্পক রয়েছে।'' জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ''অনেকেই যোগাযোগ করছে। বিএনপির দুই অংশের অনেকেও যোগাযোগ করেছে।'' বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমীন ব্যাপারী, সদস্য মাহী বি চৌধুরী এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১৫৬ ঘ.