ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে ব্যক্তিগত চিকিৎসক বরেণ চক্রবর্তী জানিয়েছেন, তার মাথার ডানদিক মাঝেমধ্যেই অনুভূতিহীন হয়ে পড়ছে। এছাড়া ভারসাম্য রাখতে সমস্যা হওয়ায় মাঝমধ্যে তাকে ডান দিকে হেলে হাঁটতে হচ্ছে।
বুধবার বিশেষ কারাগারে গিয়ে হাসিনার স্বাস্থ্য পরীক্ষার পর ডা. বরেণ সাংবাদিকদের এ কথা জানান। হাসিনার চিকিৎসক এবিএম আবদুল্লাহও তার সঙ্গে ছিলেন।
এর আগে সকালে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শাহলা খাতুনও বিশেষ কারাগরে গিয়ে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন। তিন চিকিৎসকই বলেছেন, হাসিনাকে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।
এ ব্যাপারে উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শেখ হাসিনা রাজি হলেই তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবে কারা কর্তৃপক্ষ।
বরেণ চক্রবর্তী ও এবিএম আবদুল্লাহ বিকেল পৌনে ৫ টায় বিশেষ কারাগরে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে আটটার পর কারাগারের বাইরে আসেন তারা।
ডা. আবদুল্লাহ কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, "তিনি (শেখ হাসিনা) বিভিন্ন সমস্যায় ভুগছেন। চোখ, কান ও রক্তচাপসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। আসলে এখানে তার পরীক্ষাগুলো ঠিকমতো হচ্ছে না। এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করতে পারলে ভালো হয়। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হচ্ছেন না।"
তিনি বলেন, "শেখ হাসিনার কানের সমস্যাটি গুরুতর রূপ নিলেও দেশে আমাদের তেমন কিছু করার নেই। আগে তিনি এজন্য বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। কাজেই কানের জন্য তার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করা দরকার।"
বরেণ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা জানিয়েছেন, ইদানীং তিনি মাঝেমধ্যেই মাথার ডানদিকে কোনো অনুভূতি (সেন্স) পাচ্ছেন না। ভারসাম্য রাখতে সমস্যা হওয়ায় মাঝমধ্যে ডানদিকে হেলে হাঁটতে হচ্ছে তাকে।"
তার অ্যালার্জির সমস্যা আবারও বেড়েছে বলে জানান দুই চিকিৎসক।
হাসিনার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের প্রয়োজন আছে কি না জানতে চাইলে ডা. বরেণ বলেন, "এখন তার যে অবস্থা তাতে মেডিকেল বোর্ড গঠন করা উচিত।"
এর আগে সকাল দশটা ৫৫ মিনিটে বিশেষ কারাগারে আসেন হাসিনার আরেক চিকিৎসক ডা.শাহলা খাতুন। হাসিনাকে পরীক্ষা করার পর দুপুর ১২ টার পর বেরিয়ে যান তিনি। তবে ওইসময় সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
রাতে উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনজন চিকিৎসক এসে শেখ হাসিনাকে দেখে গেছেন। তারা প্রত্যেকেই শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করতে বলেছেন। কিছু ওষুধও বদলে দিয়েছেন তারা।"
হাসিনাকে হাসপাতালে ভর্তির ব্যাপারে কারাকর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে মেজর ছিদ্দিকী বলেন, "শেখ হাসিনা হাসপাতালে ভর্তি হতে রাজি হলেই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/জেকে/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24