২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলই প্রথম প্যারোলে মুক্তি পেয়ে বিদেশ গেলেন

আব্দুল জলিলই বাংলাদেশের ইতিহাসে প্রথম প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 06:16 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল জলিলই বাংলাদেশের ইতিহাসে প্রথম প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে গেলেন। এর আগে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও কারাবন্দি জাসদ নেতা আসম আব্দুর রব চিকিৎসার জন্য তৎকালীন পশ্চিম জার্মানিতে গিয়েছিলেন। তার বিদেশ যাওয়াসংক্রান্ত কোনও কাগজপত্র কারাকর্তৃপক্ষের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান। তার ধারণা পুরোপুরি ছাড়া পেয়ে রব বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন। রব জানিয়েছেন, তাকে প্যারোলে মুক্তি দিয়ে নয়, তিনি যে সাজাপ্রাপ্ত সেটি জার্মান কর্তৃপক্ষের কাছে গোপন রেখে সে দেশে পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে আব্দুল জলিলই প্যারোলে মুক্তি পেয়ে বিদেশ যাওয়া প্রথম ব্যক্তি। কারা মহাপরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭৯ সালে আসম রব জার্মানিতে গিয়েছিলেন। এ সংক্রান্ত কোনও রেকর্ড এখন আমাদের কাছে নেই। তবে জার্মানি থেকে উনি আর বন্দী হিসেবে ফিরে আসেননি। অর্থাৎ ফিরে এসে তাকে আর বন্দী বলে গণ্য করা হয়নি। এ থেকে অনুমিত হয় তিনি পুরোপুরি ছাড়া পেয়েই চিকিৎসার জন্য পশ্চিম জার্মানিতে গিয়েছিলেন।" তবে রব বলছেন কারাবন্দি অবস্থা থেকেই তাকে বিদেশ পাঠানো হয়েছিল। তবে সরকার ভিসা সংগ্রহের সময় তার সাজাপ্রাপ্তির কথা দেশটির ভিসা কর্তৃপক্ষের কাছে গোপন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বর বলেন, "একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ১৯৭৯ সালের মে মাসে আমাকে পশ্চিম জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে সময় পশ্চিম জার্মানির ভিসা কর্তৃপক্ষের কাছে আমি যে সাজাপ্রাপ্ত আসামি এ তথ্যটি চেপে যায় সরকার।" কারা মহাপরিদর্শকের কাছে 'আর কোনও ভিআপি বন্দী বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছেন কী না জানতে চাইলে' তিনি বলেন, "কেউই বিদেশে চিকিৎসার আবেদন করেননি। এমনকি জলিল সাহেবও আবেদন করেননি। চিকিৎসকদের সুপারিশেই আব্দুল জলিলকে দেশের বাইরে পাঠানো হচ্ছে।" দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। রোববার রাতে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এমএইচবি/২৩৫১ ঘ.