ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর গেছেন। তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি রাত ১২টার দিকে গন্তব্যের উদ্দেশে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সিঙ্গাপুরে জলিলকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করার কথা। স্ত্রী রেহানা জলিল তার সঙ্গে রয়েছেন।
উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী রাত ১১টা ৫৫ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি জলিল সাহেব ও তার স্ত্রীকে বিমানে উঠিয়ে দিয়ে এসেছি। তার চিকিৎসক ডা. মতিউর রহমান এ সময় আমার সঙ্গে ছিলেন।"
বিমানবন্দরের তথ্য ও অনুসন্ধান বিভাগ থেকে জানানো হয়, রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।
হাসপাতালে জলিলের শারীরিক অবস্থার অবনতি হলে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আওয়ামী লীগ ও পরিবারের দাবি জোড়ালো হয়ে উঠলে রোববার সরকার পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ডে গঠন করে। ওই বোর্ডের পরামর্শ অনুযায়ী ওইদিনই রাত ৮টার দিকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।
অসুস্থ জলিলকে দেখার জন্য সোমবার সারাদিনই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে একটি সাদা রঙের গাড়িতে করে গুলশানের বাসার পথে রওনা হন আব্দুল জলিল। এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে নিজামউদ্দীন জলিল। হুইল চেয়ারে বসা জলিলকে হাসপাতালের কেবিন থেকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
হাসপাতালের ৬০১ নম্বর কেবিন থেকে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাংবাদিকদের বলেন, "আমি অত্যন্ত অসুস্থ। সরকার আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সবাইকে বলব আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থভাবে ফিরে আসতে পারি।"
সামনে ও পেছনে র্যাব ও পুলিশের দুটি ভ্যানের নিরাপত্তার মধ্যে রাত আটটার দিকে জলিলকে বহনকারী গাড়িটি গুলশানের বাসায় পৌঁছায়। রাত সাড়ে দশটা পর্যন্ত তিনি বাসায় অবস্থান করেন।
জলিল হাসপাতাল ছাড়ার পরপরই তার গুলশানের বাসার আশেপাশের এলাকা ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।
গুলশান ২ নম্বরের ৫৫ নম্বর সড়কে আব্দুল জলিলের বাসাটি (চামেলি কনকর্ড) পুলিশ ঘিরে রাখে। বাসার আশেপাশে চার প্লাটুন পুলিশ মোতায়েন ছিল। আর বিমানবন্দরে পাহারা দেয় দেড়শরও বেশি পুলিশ। র্যাবসহ আরো কয়েকটি সংস্থার সদস্যরাও সেখানকার নিরাপত্তার দায়িত্ব নেয়। বিমানবন্দরের গোলচত্বর থেকে সবগুলো প্রবেশ পথেই কয়েকটি স্তরে নিরাপত্তা তল্লাশি চালানো হয়।
রাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুবিদ আলী ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দীন, মহিলা সম্পাদক ডা. দিপুমনি, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ বেশ কয়েকজন নেতা-কর্মী জলিলের বাসায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।
রাত সাড়ে ১০টার দিকে জলিল বিমানবন্দরের পথে রওনা হন। পৌঁছন রাত ১০টা ৪৩ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/বিআর/জেকে/এমএইচবি/০০১০ ঘ.
bdnews24