ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদের দায়ের করা দুটি রিট আবেদনে দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে পক্ষভুক্ত করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ মান্নান ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই রিটের ১৪ নং বিবাদী হিসেবে অর্ন্তভুক্ত করে। মান্নান ভূঁইয়া সকালেই পক্ষভুক্তের জন্য আবেদনপত্র জমা দেন।
আদালত বলেন, মান্নান ভূঁইয়া চাইলে এই রিটের জবাবও দিতে পারবেন।
মান্নান ভূঁইয়ার পক্ষে শুনানিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, "সংলাপ নিয়ে বিএনপি রিটের শুনানির সময় এমন বেশ কিছু বিষয় চলে এসেছে যাতে মান্নান ভূঁইয়া সংক্ষুব্ধ হয়েছেন।"
তিনি বলেন "মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে ধরে নেওয়া যায় নির্বাচন কমিশন বিএনপির এক পক্ষকে বেছে নিয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে এই রিটে।"
শুনানিতে তিনি আরও বলেন, "এই রিটে বিবাদমান এই দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি হতে পারে। তবে রিটটির শুনানিতে যেসব কথা চলে এসেছে তাতে বিরোধ নিষ্পত্তি হতে গিয়ে আবদুল মান্নান ভুইয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রিটে তার পক্ষভুক্ত হয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন রয়েছে। তা ছাড়া আবদুল মান্নান ভুঁইয়াকে বিএনপি থেকে বহিস্কার করা হলেও সে বহিস্কার আদেশে বিএনপির স্থায়ী কমিটি অনুমোদন দেয়নি।"
মাসুদ রেজা সোবহান যুক্তি দেখান, "কাউকে দল থেকে বহিস্কার করার ক্ষমতা চেয়ারপারসনে রয়েছে। তবে এতে স্থায়ী কমিটির অনুমোদন না হলে সে আদেশ চূড়ান্ত হবে না। তাই ধরে নেওয়া হবে তার মহাসচিবের পদ সাসপেন্ড রয়েছে। তাছাড়া রিটকারীরা বলছেন ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির কোনো সভাই হয়নি। তাহলেও তিনি এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রিটের শুনানিকালে বিএনপি ও তাকে নিয়ে বেশ কিছু যুক্তি তোলা হয়েছে। বিএনপির স্বার্থেই এসব বক্তব্যের জবাব দেওয়া প্রয়োজন।"
জবাবে খালেদা জিয়ার পক্ষে প্রধান কৌঁসুলি টি এইচ খান বলেন, "আব্দুল মান্নান ভুঁইয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিনা বা তিনি এখনও মহাসচিব কিনা এ বিষয় এ রিটে নিষ্পত্তি হতে পারে না। এ বিষয় দেওয়ানি মামলায় নিষ্পত্তি হতে পারে। তাই এ রিট আবেদনে তার পক্ষভুক্ত হওয়ার আবেদন অচল।"
এরপর মূল রিটের ওপর শুনানিতে অংশ তিনি বলেন, "গত বছর ২৯ অক্টোবরের তথাকথিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে স্বাস্থ্যগত কারণে খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে বিএনপির সহ সভাপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমকে অস্থায়ী মহাসচিব করা হল। ওই সিদ্ধান্তের মাধ্যমে স্বীকার করে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া সঠিকভাবেই খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করেছিলেন।"
টি এইচ খান বলেন, "২৯ অক্টোবরের বিএনপির তথাকথিত স্থায়ী কমিটির ভৌতিক সভা কে ডেকেছিল? ওই সভার কার্যবিবরণীতে তার কোনো উল্লেখ নেই। কিন্তু বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সভা কেবল চেয়ারপারসনই ডাকতে পারেন।"
"বিএনপির তথাকথিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তে মান্নান ভুইয়াকে স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ ওই সভার সময় মান্নান ভুঁইয়া স্থায়ী কমিটির সদস্য ছিলেন না।"- এ কথাও বলেন টি এইচ খান।
আদালত বলেন, একটি দলের একইসঙ্গে দুজন মহাসচিব থাকতে পারেন না।
গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট।
নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বর এক চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানায়।
ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুল জারি করেছিল আদালত।
নির্বাচন কমিশন চিঠি দেওয়ার আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে বলেছিল।
শুনানির সময় হাফিজের পক্ষে ড. শাহদীন মালিক আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৪৮ ঘ.
bdnews24