ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার।
দুদকের সহকারী পরিচালক শামসুল আলম দুপুরে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এতে অন্যান্য আসামিরা হলেন, সাবেক জোট সরকারের মন্ত্রী এম কে আনোয়ার, ড. খন্দকার মোশররফ হোসেন, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশারফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এজাহারে অভিযোগ করা হয়, বড় পুকুরিয়া কয়লা খনি উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজের ঠিকাদার নিয়োগের জন্য বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে সর্বনিম্ন দরদাতা হয় চীনের শ্যান্ডং লুদি জিও মিনারেল কোম্পানি লিমিটেড। তাদের সঙ্গে প্রায় ৩৩৫ কোটি টাকার চুক্তি হলেও পরে প্রতিষ্ঠানটি সরঞ্জামের দাম বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে চুক্তি বাস্তবায়ন করেনি।
অন্যদিকে, বিড বন্ড নবায়ন না করায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের সুজু কোল মাইনিং গ্র"প কনসোর্টিয়ামের দরপত্রও বাতিল করা হয়। পরে সর্বোচ্চ দরদাতা- কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি) খনির উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ দেওয়ার প্রস্তাব করা হয়। তবে ওই প্রস্তাবে সর্বনিম্ন দরদাতার সঙ্গে চুক্তি অনুযায়ী কাজের শর্ত বেঁধে দেওয়ায় সিএমসি তাতে রাজি হয়নি। সিএমসি খনি রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৪৯৩ কোটি ৭৯ লাখ টাকা চেয়েছিল।
এজাহারে আরও বলা হয়, দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের কেউ কাজটি করতে রাজি না হওয়ায় বিধান অনুযায়ী পুনঃদরপত্র আহ্বান করার কথা। পেট্রোবাংলাও পুনঃদরপত্রের প্রস্তাব করে।
কিন্তু এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা উপেক্ষা করে সময় স্বল্পতার অজুহাতে সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে চুক্তির সুপারিশ করে। এরপর ২০০৫ সালের ৪ জুন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়।
দুদকের অভিযোগ, প্রকৃতপক্ষে বাংলাদেশী প্রতিষ্ঠান হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সর্বনিম্ন দরদাতা শ্যান্ডং লুদি ও সর্বোচ্চ দরদাতা সিএমসির স্থানীয় প্রতিনিধি। তিনি দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে যোগসাজশ করে সর্বোচ্চ দরদাতাকে কাজটি পাইয়ে দিতে সহায়তা করেন।
চুক্তির কারণে সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।
মামলার ১৬ আসামির মধ্যে খালেদা জিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এ কে এম মোশারফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী কারাগারে আছেন। কয়েকটি মামলায় সাজা পাওয়া ব্যারিস্টার আমিনুল হক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসএনডি/জিএনএ/১৭২২ ঘ.
bdnews24