ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশন ঘোষিত রোডম্যাপের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে তারা বিষয়টিতে একমত হয়।
নির্বাচনী সংস্কার আইন নিয়ে কমিশনের সঙ্গে আওয়ামী লীগের দ্বিতীয় দফা সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার ওপর জোর দিয়ে বলেন, "নির্বাচনের রোডম্যাপ থেকে সরে এসে জাতীয় বেঈমান হতে চাই না।"
অন্যদিকে, রোডম্যাপ অক্ষরে অক্ষরে পালনে কমিশনের 'প্রতিশ্র"তির' প্রেক্ষিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান কমিশনকে ধন্যবাদ জানান।
সাংবাদিকদের উপস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সময় সিইসির সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।
শুরুতে জিল্লুর রহমান কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, "এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারলে চলে যাব। মরি আর বাঁচি, যথাসময়েই নির্বাচন করব। তবে এতো আগে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব নয়। যখন সময় আসবে, তখন নির্বাচনের তারিখ বলব।"
গত বছরের ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগ চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছিল। আদালতে বিচার চলার সময় দলটির সভানেত্রী শেখ হাসিনাও একই দাবি জানান। পরে জিল্লুর রহমান মার্চ-এপ্রিলের মধ্যেই নির্বাচন চান।
তবে সোমবারের সংলাপে এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান ছিল নমনীয়। সংলাপ শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "কমিশন নির্বাচনের তারিখ দেয়নি, কিন্তু তারা বলেছে রোডম্যাপ অক্ষরে অক্ষরে পালন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি।"
সংলাপের জিল্লুর রহমান শেখ হাসিনার মুক্তি দাবি করে বলেন, "নির্বাচন কমিশনের সংলাপ থেকে শীর্ষ নেতৃবৃন্দ বঞ্চিত হচ্ছেন। সে জন্য শেখ হাসিনা ও আব্দুল জলিলের মুক্তি জরুরি।"
তিনি সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনী আসন সীমানা পুনর্র্নিধারণের বিরোধিতা করেন। জরুরি অবস্থা প্রত্যাহরেরও আহ্বান জানান জিল্লুর রহমান।
জবাবে সিইসি বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সম্ভব নয়। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে স্থানীয় নির্বাচনের আগে মার্চে ঘরোয়া রাজনীতি চালু ও নির্বাচনের পরিবেশ সৃষ্টির কথা বলেছি। তিনি মনে করলে জরুরি অবস্থা শিথিল করে বা পুরোপুরি তুলে দিয়ে এই পরিবেশ সৃষ্টি করবেন।"
আওয়ামী লীগ নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, "চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌর নির্বাচন অনুষ্ঠিত করার উদ্যোগে সংসদ নির্বাচনের মূল কাজ ক্ষতিগ্রস্ত হবে না। আর আদমশুমারীর প্রতিবেদন প্রকাশিত হওয়ায় নির্বাচনী আসন সীমানা পুনর্র্নিধারণ করার বিষয়ে কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে দ্রুত এ কাজ করা সম্ভব।"
জিল্লুর রহমানের নেতৃত্বে সংলাপে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, কাজী জাফরউল্যাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অংশ নেন।
বৈঠকে তোফায়েল আহমেদ দলের আওয়ামী লীগের প্রস্তাবগুলো তুলে ধরেন। তিনি বলেন, "সিইসি বলছেন, জরুরি অবস্থাতে নির্বাচন সম্ভব নয়। কিন্তু সরকারের কোনও কোনও ব্যক্তি বলছেন, এ অবস্থাতেও নির্বাচন সম্ভব। এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।"
তোফায়েল আহমেদ আরও বলেন, "বিএনপির সঙ্গে সংলাপের চিঠি নিয়ে নির্বাচন কমিশন জটিলতা সৃষ্টি করেছে। এই জটিলতা কমিশনকেই দূর করতে হবে। সংলাপ যথাসময়ে শেষ না করা, নির্বাচনী আইনগুলোকে চূড়ান্ত না করা, জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন না করা, স্বাধীন নির্বাচন কমিশনকে এখনো ঝুলন্ত অবস্থায় রাখা- ইত্যাদি কারণে রোডম্যাপ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।"
তবে সিইসি দাবি করেন, "বিএনপির সঙ্গে সংলাপ ছাড়া বাকি বিষয়গুলোতে রোডম্যাপের একটু এদিক-সেদিক হলেও কমিশন মূল কাজ ঠিকই রেখেছে। ছবিসহ ভোটার তালিকা তৈরিসহ অন্যান্য কাজ সমান্তরালভাবে চলছে। একটি কাজ করতে গিয়ে অন্য কাজ ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কা নেই।"
আওয়ামী লীগের সংস্কার প্রস্তাবে জনপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ রহিত না করে তা সংশোধন করা, যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা করা, সবগুলো আসনে নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে দলকে ৫০ কোটি টাকা এবং প্রার্থীকে ১৫ লাখ টাকা করে ৪৫ কোটি টাকা অনুদান দেওয়া, সরকারি উদ্যোগে জনসভা ও পোস্টার প্রদর্শনের ব্যবস্থা করা, রাজনৈতিক দলের প্রবাস শাখা বহাল রাখা, দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হওয়ার তিন বছর পর প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়া সুযোগ দেওয়া ইত্যাদি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এসএনডি/এমআই/১৮২৮ ঘ.
bdnews24