ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক জোট সরকারের বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামকে ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রমও স্থগিত করেছে আদালত।
একইসঙ্গে জরুরি ক্ষমতা আইনে মামলাটির অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ৬ সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বিএনপি নেতা তরিকুলের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। তরিকুল বর্তমানে কারাগারে এবং তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এই জামিন পাওয়া সত্ত্বেও তিনি মুক্তি পাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।
গতবছর ৪ ফেব্র"য়ারি তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩ মার্চ যশোরের কোতোয়ালি থানায় পুলিশ এ মামলাটি দায়ের করে। এতে তার বিরুদ্ধে ত্রাণের ১৭ বান টিন আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলাটি গতবছর ১৬ এপ্রিল জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়।
তরিকুলের রিট আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট এইচ এম মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24