ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনও তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী।
তিনি বলেছেন, "এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে এ সংশয় কিছুটা হলেও দূর হবে। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সন্দেহ থেকেই যাচ্ছে।"
নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপকে সামনে রেখে রোববার আওয়ামী লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) দ্বিপাক্ষিক বৈঠকের পর অধ্যাপক মোজাফফর সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে কিনা, তা নিয়ে এখনও সন্দেহ হচ্ছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব মহলকে লক্ষ রাখতে হবে; নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।"
সংলাপে যে কোনও দাবি ১৪ দলীয় জোটগতভাবেই তোলা উচিত বলে ন্যাপপ্রধান মোজাফফর আহমেদ মত প্রকাশ করেন।
বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, "২০০৫ সালের ১৫ জুলাই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছিলেন সেটাই হবে সংলাপে আমাদের আলোচনার মূল ভিত্তি। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত, তাদের নিবন্ধন না দেওয়ার বিষয়টিও আমরা তুলবো।"
বিএনপির সঙ্গে সংলাপ ঝুলে যাওয়ায় আগামী ডিসেম্বরে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের সংশয় প্রকাশ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, তার উল্লেখ করে তোফায়েল আহমদ বলেন, "তার (ছহুল হোসাইন) বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি। তাদের সিদ্ধান্তের জন্যই পরিস্থিতি আদালত পর্যন্ত গড়িয়েছে। নির্বাচন কমিশনারের বক্তব্যেই সন্দেহের সৃষ্টি হয়েছে। আমরা আশা করব, তারা যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করবে।"
সেগুনবাগিচায় অধ্যাপক মোজাফফর আহমেদের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সভাপতিমণ্ডলীর সদস্য আমিনা আহমেদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য ইসমাইল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/ এমএ/১৪৩৬ঘ.
bdnews24