ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাংসদ, গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান শুক্রবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন। সন্ধ্যায় গাইবান্ধার পলাশপাড়ায় পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিলো ৮১ বছর।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় ও দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লুৎফর রহমানের দুটি নামাজে জানাজা হয়। এর আগে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট আবদুল হামিদ, সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাবেক সাংসদরা জানাজায় অংশ নেন।
এরপর মরদেহ সড়কপথে গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়। সেখানে পলাশপাড়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
লুৎফর রহমান ১৯৭৩, '৭৯ ও ২০০১ সালে গাইবান্ধা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। '৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদেরও সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৭২ সাল থেকে '৮২ পর্যন্ত লুৎফর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেছেন। দীর্ঘদিন দৈনিক সংবাদের নিজস্ব সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন লুৎফর রহমান। তিনি গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে টানা ৯ বছর দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে লুৎফর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/প্রতিনিধি/এমআই/১৮৪৩ ঘ.
bdnews24