ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদের মালিক হওয়া ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে বুধবার আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
একই অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ব্যরিস্টার শাহজাহান, স্ত্রী মেহজাবিন ফারজানা ও ছেলে আদনান ওমরের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র বুধবার গ্রহণ করেছে আদালত।
কমিশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
গত ৮ জুলাই মতিঝিল থানায় দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, ফালু কমিশনে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ঘোষিত আয়ের বাইরে ৬০ কোটি ৬১ লাখ ৯১ হাজার ২৭৯ টাকার সম্পদের মালিক হয়েছেন। মাহবুবা চৌধুরী এ ব্যাপারে স্বামীকে সহযোগিতা করেছেন।
ফালু কারাগারে এবং মাহবুবা পলাতক রয়েছেন।
এদিকে সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ব্যরিস্টার শাহজাহান, স্ত্রী মেহজাবিন ফারজানা ও ছেলে আদনান ওমরের বিরুদ্ধে কমিশনের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী অভিযোগপত্রে সই করেন। কমিশনের উপ সহকারী পরিচালক আফতাব উদ্দিন মঙ্গলবার বিকেলে অভিযোগপত্রটি আদালতে জমা দেন।
কমিশনের সহকারী পরিচালক শেখ মেজবাহউদ্দিন গত বছরের ২৭ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, শাহজাহান ও মেহজাবিন কমিশনে সম্পদের যে হিসাব দিয়েছেন তাতে ৪৬ লাখ ১৮ হাজার ৫০২ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এছাড়া তারা ঘোষিত আয়ের বাইরে ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার সম্পদের মালিক হয়েছেন।
শাহজাহান ও মেহজাবিনকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/২২৪০ ঘ.
bdnews24