ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএপির সঙ্গে সংলাপ ছাড়া নির্বাচনী আইনের খসড়া চূড়ান্ত করবে না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার বলেছেন, "বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। তাদের ছাড়া আইন চূড়ান্ত করা সম্ভব নয়।"
বুধবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইসি আরও বলেন, "বিএনপির সঙ্গে সংলাপ ছাড়া আইনের কাজটা হয়তো সময়মতো চূড়ান্ত করা যাবে না। এ নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি। পত্র-পত্রিকায় এমনও লেখা হয়েছে, বিএনপিকে ছাড়াই আমরা আইন চূড়ান্ত করতে পারি। কিন্তু তা সম্ভব নয়।"
দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শামসুল হুদা বলেন, "অনেকে এ-ও বলেছেন, আমরা কেনো বিএনপির দুই অংশের সঙ্গে সংলাপে বসলাম না। কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা শুধু মূল দলকেই আলোচনায় ডেকেছি। আর এর সঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টিও জড়িত। এখন আদালত বিএনপির যে অংশের সঙ্গে আলোচনায় বসতে বলবে, আমরা তাদের সঙ্গেই বসব।"
সিইসি জানান, প্রথম ও দ্বিতীয় দফার সংলাপের পর এর ওপর একটি বিস্তারিত প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হবে। যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ বেশকিছু সুপারিশও এতে থাকবে।
কারণ সরকার কমিশনের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে বলে নির্বাচন ও আইন সংস্কারের অগ্রগতি সম্পর্কে সরকারের জানা দরকার।
নির্বাচনী আইন সম্পর্কে কমিশনের প্রস্তাবনায় দলগুলোর ব্যাপক ঐকমত্য আছে- দাবি করে শামসুল হুদা বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের ৮২ থেকে ৮৫ ভাগ ঐকমত্য হয়েই আছে। তবে দলগুলোর নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে। ২৮ ফেব্র"য়ারির মধ্যে ১৫ টি দলের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষ করে বিএনপির সঙ্গে আলোচনার পর সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"
আগামী ২৪ থেকে বাংলা বর্ণমালার বিপরীত ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসবে কমিশন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৪ ফেব্র"য়ারি বিকল্পধারা, এলডিপি, সাম্যবাদী দল (এমএল), ২৫ ফেব্র"য়ারি ওয়ার্কার্স পার্টি, সিপিবি, আওয়ামী লীগ, ২৬ ফেব্র"য়ারি জাতীয় পার্টি, জাসদ (ইনু), ন্যাপ (মোজাফ্ফর), ২৭ ফেব্র"য়ারি জামায়াতে ইসলামী, জাসদ (রব), জাতীয় পার্টি (জেপি) এবং ২৮ ফেব্র"য়ারি গণতন্ত্রী পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে প্রথম দফায় সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু বিষয়টি আদালতে গড়ানোয় ওই সংলাপ স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এসএনডি/এমএ/১৯১৪ ঘ.
bdnews24