ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মামলায় তারেক রহমানের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারেকের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম মো. শাহীন উদ্দিন দুটি আবেদনই নাকচ করে দেন।
তারেক রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মামলাই জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত উল্লেখ করে হাকিম জামিনের আবেদন নাকচ করেছেন।
জামিন আবেদনের শুনানিতে তারেকের আইনজীবীরা বলেন, মামলা দুটির এজাহারে তারেক রহমানের নাম নেই। গিয়াসউদ্দিন আল মামুনের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে তাকে এ দুটি মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তাই তিনি জামিন পেতে পারেন।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) বাবুল মিয়া আদালতে বলেন, মামলা দুটির প্রধান আসামি তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন এবং বলেছেন, ওই টাকার বড় অংশ তারেক রহমান নিয়েছেন।
গুলশান থানায় দায়ের করা এ মামলা দুটির একটির বাদি ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের মালিক খান আফতাব উদ্দিন। গত বছরের ২৭ মার্চ দায়ের করা এ মামলায় তারেকের বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
একই বছরের ৪ মে অপর মামলাটি করেন রোজ কনস্ট্রাকশন ও আল আমিন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান 'এসিএলআরসিএলএ" এর কোঅর্ডিনেটর সৈয়দ আবু শাহেদ শাহেল। এ মামলায় তারেকের বিরুদ্ধে ৪ কোটি ৮৯ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24