২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিএনপি ধ্বংসের চক্রান্তে লিপ্ত: রিজভী

বর্তমান সরকার বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তিনি রোববার সাংবাদিকদের বলেছেন, "দেশের জনপ্রিয় দল বিএনপিকে ধ্বংস করতে সরকার নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। নীলনকশার অংশ হিসেবে খালেদা জিয়া ও তার পরিবারের ওপর একের পর এক বানোয়াট মামলা সাজিয়ে ও নির্যাতন চালিয়েও তারা ক্ষান্ত হচ্ছে না। এখন দলের মহাসচিবকে পর্যুদস্ত করতে তার ছোট ছেলে অসুস্থ পবনের ওপরও নির্যাতন চালানো হচ্ছে।'' খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান, পবনসহ সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন রিজভী আহমেদ। তিনি বলেন, "খালেদা জিয়াকে বিনাবিচারে দীর্ঘ সময় আটক রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ে আদালতে হাজির করার বিধান থাকলেও এক্ষেত্রে তা করা হচ্ছে না।" তারেক রহমানকে নির্যাতনের চিত্র ইতোমধ্যে গণমাধ্যমেও প্রচার হয়েছে বলে দাবি করেছেন তিনি। খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে কারাবন্দি আখতার হামিদ পবন অসুস্থ জানিয়ে রিজভী আহমেদ বলেন, "পবনের উচ্চ রক্তচাপ রয়েছে। তিনি বহুমুত্র রোগেও আক্রান্ত।" পবনের সুচিকিৎসায় ব্যবস্থা নিতে আদালতের নির্দেশও কার্যকর হচ্ছে না- অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, "উচ্চতর আদালতে পবনের জামিন হলেও পুলিশ থানায় নিয়ে তার ওপর নির্যাতন চালিয়েছে। পিস্তল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।" শ্যামলীতে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী আহমেদের পাশে ছিলেন সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, সাবেক ছাত্র নেতা হাবিব-উন-নবী খান সোহেল, আবদুল খালেক, আরশাদুল করীম শাহিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসএইচ/১৮৩০ ঘ.