২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার আইনজীবীদের সঙ্গে উইলিয়াম স্লোনের মতবিনিময়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তিনি ঢাকায় পৌঁছান। শনিবার রাতে স্লোন ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় শেখ হাসিনার আইনজীবীদের সঙ্গে নৈশভোজ করেন এবং সাবেক প্রধানমন্ত্রীর মামলাগুলোর বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:20 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তিনি ঢাকায় পৌঁছান। শনিবার রাতে স্লোন ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় শেখ হাসিনার আইনজীবীদের সঙ্গে নৈশভোজ করেন এবং সাবেক প্রধানমন্ত্রীর মামলাগুলোর বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন। আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের কানাডা শাখার সভাপতি স্লোন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে দেখবেন। হাসিনা পরিবারের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও তার আত্মীয় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিদেশি আইনজীবীর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে শনিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "উইলিয়াম স্লোনকে শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়েছে বলেই তিনি বাংলাদেশে এসেছেন।" হাসিনার আইনজীবীদের সঙ্গে মতবিনিময়শেষে বেরিয়ে যাওয়ার সময় স্লোন সাংবাদিকদের বলেন, তিনি একজন মানবাধিকার আইনজীবী। শেখ হাসিনার মামলায় মানবাধিকার লংঘন হয়েছে কিনা পর্যবেক্ষণ করার পর সে বিষয়ে কথা বলবেন। এর আগে বিকালে এই বিদেশি আইনজীবী ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের বলেন, "আমি আমার বন্ধুদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। তাদের সঙ্গে আলোচনা করে সব বিষয়ে ধারণা পাওয়ার পর আমি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবো।" ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন,"শেখ হাসিনার মামলাগুলো কী ভাবে পরিচালিত হচ্ছে এবং তার মামলা পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লংঘনের ঘটছে কিনা তা পর্যবেক্ষণের জন্যই উইলিয়াম স্লোন ঢাকায় এসেছেন।" ব্যারিস্টার তাপস জানান, বাংলাদেশে আসার আগে কানাডার এই আইনজীবীকে আওয়ামী লীগ সভানেত্রীর আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন সে জন্যও আবেদন করা হবে। আগামী ১৯ ফেব্র"য়ারি ভাসমান বিদুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানিতে স্লোনের আদালতে উপস্থিত থাকার জন্যও আবেদন করা হবে বলে ব্যারিস্টার তাপস জানিয়েছেন। উইলিয়াম স্লোন এর আগে ২০০২ সালে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত একটি মানবাধিকার সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। বিমানবন্দরে তাকে কিছুটা হয়রানি করা হয় বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে ব্যারিস্টার তাপস বলেন, "আমরা যেন বিদেশ থেকে কোনও আইনজীবী আনতে না পারি, সে জন্য সরকার তৎপর । এ জন্যই হয়তো তার সঙ্গে বিমান বন্দরে ঝামেলা করা হয়েছে।" বাংলাদেশে পর্যটক ভিসা নিয়ে এসে কেউ আইনি লড়াইয়ে অংশ নিতে পারেন কিনা তা জানতে চাইলে তাপস বলেন, "আমাদের এখানে ভিসার ক্যাটাগরি তো সীমিত। এ জন্যই তাকে টুরিস্ট ভিসায় আসতে হয়েছে।" উইলিয়াম স্লোন আগামী ২৩ ফেব্র"য়ারি বাংলাদেশ ত্যাগ করবেন। শেখ হাসিনার মামলার বিষয়ে আইনগত পরামর্শ দিতে গত মাসেও পায়েম আখাভান নামে কানাডার একজন আইনজীবী ঢাকায় এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসকে/২৩১৩ঘ.