২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন সরকারি কাজের অর্থ অপচয় ও লুটপাটের সুযোগ নেই: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "আগে সরকারি উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থের দুই তৃতীয়াংশ অপচয় ও লুটপাট হতো। এখন সেই সুযোগ নেই। তাই ওই টাকা দিয়ে এখন তিন গুণ বেশি উন্নয়ন কাজ করা সম্ভব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)-- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "আগে সরকারি উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থের দুই তৃতীয়াংশ অপচয় ও লুটপাট হতো। এখন সেই সুযোগ নেই। তাই ওই টাকা দিয়ে এখন তিন গুণ বেশি উন্নয়ন কাজ করা সম্ভব।" তিনি বলেন, "দেশের ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাতকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগালে দেশে অভাব থাকবে না।" বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের পণ্ডিতেরহাটে হাবিব উল্যা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান বলেন, "খাদ্য আমদানি করে চালের দাম কমানো সম্ভব নয়। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধমে দেশে খাদ্য চাহিদা মেটাতে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। এটি নিজের প্রয়োজনে নয় জাতীয় প্রয়োজনে করতে হবে।" তিনি সবাইকে উদ্যোমী ও কর্মঠ হওয়ার আহ্বান জানান। জেনারেল মইন বলেন, "১৫ নভেম্বর সিডর আঘাত হানার পর সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, আগামীতেও দাঁড়াবে। সিডরের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সব মানুষকে চেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে।" এর আগে জেনারেল মইন চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে 'চার গাভী সমন্বিত ক্ষুদ্র দুগ্ধ খামার প্রকল্প' উদ্বোধন করেন। এ সময় তিনি ১০টি কৃষক পরিবারের মাঝে ৪টি করে গাভী বিতরণ করেন। সেনাপ্রধান স্থানীয় আধুনিক কৃষি সমবায় সমিতির সদস্যেদের মাঝে একটি পাওয়ার ট্রিলার, একটি গুটি ইউরিয়া তৈরির মেশিন ও একটি পাম্প বিতরণ করেন। এছাড়া তিনি চরজব্বার ডিগ্রি কলেজ অধ্যক্ষ ও হাবিব উল্যা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বই তুলে দেন। সকালে সেনাপ্রধান ফেনীতে ট্রাস্ট ব্যাংকের ৩১তম শাখা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার ফেনীতে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের অনুমতি দিয়েছে। সেনাপ্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মইন বলেন, "ফেনী ছাড়াও মেঘনাঘাট এলাকায় আরেকটি ইপিজেড স্থাপন করা হবে। এতে আমরা সবাই লাভবান হব।" ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার রোডে ট্রাস্ট ব্যাংকের ৩১তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল উ আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক সামছুল করিম মজুমদার। বিশেষ অতিথি ইকবাল উ আহমেদ জানান, ক্ষুদ্র শিল্প থেকে বৃহৎ শিল্প, রপ্তানি বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ট্রাস্ট ব্যাংক। অচিরেই ব্যাংকটি মার্চেন্ট ব্যাংকিং চালু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৮ ঘ.