ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পরপরই রাজধানীর গুলশানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ। বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
হান্নান শাহ'র ব্যক্তিগত সহকারী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার খুব অসুস্থ। বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।"
তবে হাসপাতালটির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার রাতে মহাখালী ডিওএইএস এর বাসা থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। কাপাসিয়া থানার একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কাপাসিয়া উপজেলার কড়িহাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ মোল্লা বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জয়দেবপুর থানা হাজত থেকে অতিরিক্ত মূখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।
জামিনের মুচলেকা স্বাক্ষর শেষে বেলা ২টার পর মুক্তি পেয়েই কাপাসিয়ায় গ্রামের বাড়িতে চলে যান হান্নান শাহ। বিকেলে ঢাকায় এসে ভর্তি হন হাসপাতালে।
গত বছরের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর এ পর্যন্ত চার বার গ্রেপ্তার করা হয়েছে হান্নান শাহকে। তাকে প্রথম গ্রেপ্তার করা হয় গত বছরের ১৪ মে একটি জমি দখলের মামলায়। ওই মামলায় তার বড় ছেলে শাহ রেজাউল হান্নানও গ্রেপ্তার হন।
উচ্চতর আদালতের রায়ে মুক্তি পাওয়ার পর গত বছরের ৭ নভেম্বর রাতে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে আরেকটি মামলায় হান্নান শাহ গ্রেপ্তার হন। ওই মামলায় ২২ নভেম্বর তিনি হাইকোর্টের জামিন পান। কিন্তু ২৫ নভেম্বর তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। ৩০ জানুয়ারি হাইকোর্ট ওই আটকাদেশ অবৈধ ঘোষণা করে হান্নান শাহকে মুক্তি দিতে বলে।
৭ ফেব্র"য়ারি মুক্তি পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ কারাগারের সামনে থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। এবার জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানায় করা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
১০ ফেব্র"য়ারি ওই অভিযোগ থেকেও হান্নান শাহকে তিন মাসের জামিন দেয় হাইকোর্ট। ওই জামিনে গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তিও পান। এরপর বুধবার রাতে চাঁদাবাজির মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ওই মামলাতেও জামিনে মুক্তি পেলেন।
বিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/এমএ/১৭৩২ঘ.
bdnews24