ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা আ স ম হান্নান শাহ মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর অতিরিক্ত মূখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হলে এক ঘণ্টা শুনানির পর আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন।
জামিনে মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টা পরই একটি নতুন মামলায় বুধবার রাতে তাকে আবারো গ্রেপ্তার করা হয়েছিল।
হান্নান শাহ জামিনের মুচলেকা স্বাক্ষর শেষে বেলা ২টা ৫ মিনিটে মুক্তি পেয়েই কাপাসিয়ায় গ্রামের বাড়িতে চলে যান।
হান্নান শাহ'র ব্যক্তিগত সহকারী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বেলা ২টা ১০ মিনিটে বলেন, "স্যার মুক্তি পেয়েছেন। এখন আমরা তাকে নিয়ে কাপাসিয়ার বাড়িতে যাচ্ছি। স্যার খুব অসুস্থ।"
এর আগে আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে বেলা সাড়ে ১২টায় জয়দেবপুর থানা হাজত থেকে অতিরিক্ত মূখ্য বিচার বিভাগীয় হাকিম মো. সাইফুল ইসলামের আদালতে হাজির করা হয়।
বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এর বাসা থেকে পুলিশ হান্নান শাহকে গ্রেপ্তার করে। তাকে কাপাসিয়া থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরেই কাপাসিয়া উপজেলার কড়িহাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ মোল্লা চাঁদা নেওয়ার অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার শুনানির সময় হান্নান শাহ'র পক্ষে কৌসুলিরা আদালতের কাছে অভিযোগ করেন, তাদের মক্কেলের বিরুদ্ধে করা মামলাটি হয়রানিমুলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বিভিন্ন যুক্তি প্রদর্শন করে মক্কেলের জামিন প্রার্থনা করেন।
হান্নান শাহ'র পক্ষে আইনজীবী হিসাবে শুনানিতে অংশ নেন মাহমুদ হাসান সিদ্দীক, আওরঙ্গজেব বেলাল, সুলায়মান দর্জি, মনির হোসেনসহ অর্ধশতাধিক বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনীজীবী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফিরোজ তালুকদার জামিনের বিরোধিতা করে আদালতের সামনে বক্তব্য দেন।
এ আগে হান্নান শাহকে আদালতে হাজির করা হবে শুনে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও জনসাধারণ আদালত প্রাঙ্গনে উপস্থিত হন।
চার বার গ্রেপ্তার:
গত বছরের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার পর এ পর্যন্ত হান্নান শাহকে চার বার গ্রেপ্তার করা হয়েছে। প্রথম গ্রেপ্তার করা হয় গত বছরের ১৪ মে একটি জমি দখলের অভিযোগ সংক্রান্ত মামলায়। ওই মামলায় তার বড় ছেলে শাহ রেজাউল হান্নানও গ্রেপ্তার হন।
এরপর উচ্চতর আদালতের রায়ে মুক্তিলাভের পর গত বছরের ৭ নভেম্বর রাতে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে আরেকটি মামলায় হান্নান শাহ গ্রেপ্তার হন। ৭ নভেম্বর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বাসায় ফেরার সময় সাবেক সেনাপ্রধান ও দলের স্থায়ী কমিটির নেতা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান খোন্দকার দেলোয়ারপন্থী কর্মীদের হাতে নাজেহাল হলে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হন হান্নান। এরপর উচ্চতর আদালতের নির্দেশে ৭ ফেব্র"য়ারি জামিনে মুক্ত হওয়ার পর নারায়ণগঞ্জ কারাগারের সামনে থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয় অন্য আরেকটি জরুরি বিধিমালা ভঙ্গের মামলায়। ফতুল্লা থানা ওই মামলার এজাহার (জিডি) দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআরএফ/এসকে/১৪৫৩ঘ.
bdnews24