ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা অধ্যাদেশ জারি হওয়ার ছয় মাস পর সরকার মঙ্গলবার এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করেছে। দুয়েকদিনের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে।
এর ফলে খসড়া ভোটার তালিকা প্রকাশের আইনি ভিত্তি পাচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন মঙ্গলবার দুপুরে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের কার্যালয়ে দীর্ঘ বৈঠকে 'ভোটার তালিকা বিধিমালা ২০০৮' চূড়ান্ত করেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "এরই মধ্যে প্রায় চার কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। বিধিমালার অভাবে এতদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা যাচ্ছিল না। এখন খসড়া ভোটার তালিকা প্রকাশের আইনি বৈধতা তৈরি হল।"
তিনি আরও বলেন, "এখন থেকে যখন যেখানে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হবে, তখনই খসড়া তালিকা প্রকাশ করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।"
দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বিধিমালাটি কার্যকর করা হবে বলে তিনি জানান।
গত বছর ৯ আগস্ট রাষ্ট্রপতি 'ভোটার তালিকা অধ্যাদেশ, ২০০৭' জারি করেন। একই বছরের ১২ আগস্ট রাজশাহী সিটি করপোরেশন এলাকা থেকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে।
ভোটার তালিকার নতুন বিধি জারি হলে ১৯৮২ সালের ভোটার তালিকার বিধিটি বাতিল হবে। নতুন বিধিতে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংশোধনের পদ্ধতি ও আপত্তি উত্থাপনের প্রক্রিয়ার খুঁটিনাটি উল্লেখ থাকছে।
ভোটার তালিকার তৈরির কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে- জানিয়ে কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "ভোটার তালিকার আইন আগেই হয়েছিল। বিধি তৈরি করার জন্য একটা খসড়া করে আমরা আইন মন্ত্রণালয়ে দিয়েছিলাম। এখন সংসদ নির্বাচনের আগে সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের জন্য এই বিধিটি প্রয়োজন হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/কিউএইচ/এসএনডি/এমএইচবি/১৮৫৯ ঘ.
bdnews24