ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাবে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি।
সরকারের সঙ্গে সংলাপে অভিন্ন প্রস্তাব উপস্থাপনের লক্ষ্যে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম দিনে রোববার ওয়ার্কার্স পার্টি সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। এতে দুদলের শীর্ষ নেতারা যোগ দেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় বিকালে এই বৈঠক শেষে তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, "এক ও অভিন্ন চিন্তাভাবনা নিয়ে ১৪ দলের সংস্কার প্রস্তাবকে ভিত্তি ধরে সংলাপে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব।"
"আমরা মনে করি সংলাপের কোনো বিলম্ব নাই। জাতি নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। ছবিসহ ভোটার তালিকা বাস্তবায়ন করে অতিদ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই হবে এই সরকারের কাজ।" বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
১৪ দল ঘোষিত ২৩ দফার রূপরেখাই হবে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তি জানিয়ে তিনি বলেন, ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনা মূলত সংলাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তিনি আরও বলেন, "আমরা সংলাপে অংশ নেব। কিন্তু সংলাপ হতে হবে শর্তহীন।" সরকারের সঙ্গে সংলাপে শেখ হাসিনাসহ বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করা হবে
bdnews24