ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির বৈঠককে 'অবৈধ' অভিহিত করে সে বৈঠকের সিদ্ধান্ত বহাল রেখে ঐক্য সম্ভব নয় বলে জানিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন।
বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব শনিবার সাংবাদিকদের বলেন, "বিচার মানি তবে তালগাছটা আমার- এই নীতি পরিহার করতে হবে। ২৯ অক্টোবরের সিদ্ধান্ত বহাল রেখে বেগম জিয়াকে বিসর্জন দিয়ে আমার পক্ষে ঐক্য করা সম্ভব নয়।"
এ বক্তব্যের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমানের ঐক্যের উদ্যোগও নাকচ করেন তিনি।
বিএনপির সংস্কারপন্থী হিসাবে পরিচিত অংশের নেতাদের উদ্দেশে খোন্দকার দেলোয়ার বলেন, "আগে অবৈধ বৈঠকের সিদ্ধান্ত বাতিল করুন। তারপর বলুন, কী করতে হবে। তা না করে 'খোন্দকার দেলোয়ার ঐক্য চান না'- এ কথা বলে কর্মীদের বিভ্রান্ত করবেন না।"
খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর গত বছরে ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে এম সাইফুর রহমান ও অস্থায়ী মহাসচিব হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ একাংশ সে সিদ্ধান্ত মেনে নেননি।
সরকার জরুরি বিধিমালার অপপ্রয়োগ করছে- অভিযোগ করে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "সংবিধানে দেওয়া মৌলিক অধিকার খর্ব করে জরুরি বিধিমালার অপপ্রয়োগ করা হচ্ছে। জরুরি অবস্থাকে রাজনৈতিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।"
দলের উপদেষ্টা আ স ম হান্নান শাহ ও যুব দল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার এরই নজির বলে মন্তব্য করেন দেলোয়ার হোসেন। তিনি অবিলম্বে দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান।
সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার বলেন, "সংসদের বাইরে অর্ডিন্যান্স জারি করে বিধি প্রণয়নের মাধ্যমে দেশ চলতে পারে না। এটা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।"
তিনি খালেদা জিয়া, শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন। একইসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকোর সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
ঢাকার কারাবন্দি ওয়ার্ড কমিশনার এবং বিএনপি নেতা কাইয়ুম খানের মৃত্যুর তদন্ত দাবিও করেন বিএনপি মহাসচিব।
সংসদ ভবন এলাকার ন্যা ফ্লাটে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, অধ্যক্ষ সোহরাব হোসেন, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৫৩০ঘ.
bdnews24