ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের জন্য সরকারপক্ষের আবেদনটি 'যথাযথ না হওয়ার পরও' শুনানির জন্য আদালত বসায় এর প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ সভা করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপিল বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সর্বদলীয় আইনজীবীদের ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ সভাপতি আবদুল মান্নান খান।
সভায় সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হাইকোর্ট বা আপিল বিভাগের বিরুদ্ধে এ প্রতিবাদ সভা নয়। আমারা আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।"
হাসিনার মামলা বাতিলের হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের ওপর শুনানির বিষয়ে তিনি বলেন, "আবেদনটি যথাযথ হয়নি। এটি কার্যতালিকায়ও ছিল না। তারপরও শুনানির জন্য আদালত বসেছে। আপিল বিভাগের এই মনোভাব ভবিষ্যত প্রজন্ম নেতিবাচক দৃষ্টিতে দেখবে। প্রতিদিন এর প্রতিবাদ করবেন আইনজীবীরা।"
ব্যারিস্টার হক বলেন, "আপিল বিভাগ হাইকোর্টের প্রতিটি রায় স্থগিত করার যে অভ্যাস করেছে তা শোভনীয় নয়। হাইকোর্টের রায় বার বার স্থগিত করায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আপিল বিভাগ কি সরকারের আদালত? আইনজীবীদের প্রত্যাশা, আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানি করে নিজেদের বিধি মেনে আদেশ দেবে।"
তিনি দাবি করেন, "শেখ হাসিনার মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের জন্য সরকারের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত কার্যতালিকায় ছিল না। সম্পূরক তালিকায় এ আবেদন অন্তর্ভুক্ত করা হয়। আবেদনে বিবাদীদের ঠিকানা উল্লেখ করা হয়নি। এছাড়া সরকারপক্ষ যথাযথ নিয়ম মেনে রায় স্থগিতের আবেদন করেনি। এ আবেদনের ওপরই আপিল বিভাগ আজ (বৃহস্পতিবার) আংশিক শুনানি করেছে।"
সরকারের আবেদনটি অসম্পূর্ণ দাবি করে ব্যারিস্টার হক বলেন, "হাইকোর্ট ৩২৫ পৃষ্ঠার রায়ে শেখ হাসিনার মামলা বাতিল করেছে। সব কাগজপত্র দিয়ে আপিল বিভাগে আবেদন করার নিয়ম রয়েছে। সুপ্রিম কোর্ট রুলসের সেই নিয়ম মানা হয়নি। ২৯৫ পৃষ্ঠা বাদ দিয়ে মাত্র ৩০ পৃষ্ঠার ওপর আবেদন করা হয়েছে। সরকার ছাড়া কোনো নাগরিক এমন অসম্পূর্ণ আবেদন নিয়ে গেলে আপিল বিভাগ তা ছুড়ে ফেলে দিত।"
পূর্ণাঙ্গ শুনানি না করেই বিভিন্ন মামলায় দেয়া হাইকোর্টের রায় স্থগিত করে দেওয়ার অভিযোগ তুলে আইনজীবী হুমায়ুন হোসেন খান আপিল বিভাগের উদ্দেশে বলেন, "বিচার বিভাগকে ধ্বংস করবেন না।"
রহমত আলী বলেন, আপিল বিভাগ স্বাধীন। তবে আইন ও সংবিধানের অধীন। আইন ও সংবিধান মেনে বিচার কাজ করতে হবে।
হাসিনার মামলায় বিচারিক আদালতের আইনজীবী গোলাম আরিফ টিপু বলেন, "ন্যায়বিচার ও আইনের শাসনের ক্ষেত্রে নৈরাজ্য দেখা দিয়েছে। এই নৈরাজ্য থেকে জাতিকে মুক্ত করতে হবে।"
এজন্য আইনজীবীদের 'ঐক্যবদ্ধ সংগ্রাম' করার আহ্বান জানান তিনি।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন বলেন, "আইনজীবীরা অতীতের মতো ভবিষ্যতেও আইনের শাসন ও সংবিধান সমুন্নত রাখার জন্য সংগ্রাম করবে।"
প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম বলেন, "দেশে যাতে বিচারিক নৈরাজ্য সৃষ্টি না হয় সেজন্য আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আপিল বিভাগকে সংবিধান, আইন ও তার নিজস্ব বিধি অনুযায়ী চলতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জেকে/১৮১৮ ঘ.
bdnews24