ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতায় নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার আলোচিত রিটের রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। বুধবার এ রায় দেয়া শেষ হবে। (সমন্বিত)
মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ হাসিনার রিটটির ওপর শুনানি গ্রহণ শেষ করে বেলা সাড়ে ১২ টায় রায় দেয়া শুরু করেন। বিকেল চারটায় প্রথমদিনের মত রায় ঘোষণা শেষ করা হয়। দীর্ঘ সাত দিন ধরে এই শুনানি চলে।
মঙ্গলবার মামলার ঘটনা, রুল জারি, রিটকারী ও সরকার পক্ষের বক্তব্য এবং আদালত-নিয়োজিত ছয় জন অ্যামিকাস কিউরির মধ্যে পাঁচ জনের মতামতের পর্যালোচনা শেষ করা হয়। বুধবার বাকি একজনের মত পর্যালোচনা শেষ করে আদালত তার অভিমত এবং রায়ের চূড়ান্ত ঘোষণা দেবেন।
আদালতের কার্যদিবস শেষে শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আদালত রায় ঘোষণার শেষ পর্যায়ে চলে এসেছে।"
বুধবার রায় ঘোষণা করতে ১৫/২০ মিনিট লাগতে পারে বলে তিনি জানান।
মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই হাইকোর্ট সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে রুল জারি করে।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জনারেল সালাউদ্দিন আহমদে আদালতে শুনানিতে বলেন,জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩(১) ধারা বলে সরকার জরুরি ক্ষমতা বিধিমালা প্রণয়ন করেছে। শেখ হাসিনার মামলা এ বিধিমালার আওতায় নেওয়া হয়েছে।
আদালত কেন মামলাটি জরুরি বিধিমালায় জনগুরুত্বপূর্ণ বিবেচনা করা হলো তার কাছে সেটা জানতে চান। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, এতে শেখ হাসিনার সংক্ষুদ্ধ হওয়ার কোন কিছু নেই।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় নেওয়ায় শেখ হাসিনার জামিন পাওয়ার অধিকার খর্ব হয়েছে- আদালতের এ অভিমতের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, "এই মামলায় এমিকাস কিউরি হিসেবে বক্তব্য দানকারীরা নিরপেক্ষ নন। সংবিধানে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। শেখ হাসিনার মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্যই এই বিধিমালায় নেওয়া হয়েছে। জরুরি বিধিমালা সংবিধানের পরিপন্থী নয়।"
শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করার পক্ষে কিছু নথি আদালতে উপস্থাপন করেন। গত ৩১ জানুয়ারি হাইকোর্ট হাসিনার মামলাটি কেন জনগুরুত্বপূর্ণ- তার নথি সোমবার আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতে নথি উপস্থাপন করা হলো।
আদালত নথি পর্যালোচনা করে বলেন, অপরাধের সংশ্লিষ্টতার জন্য নয়, আবেদনকারীর (শেখ হাসিনা) উচ্চ সামাজিক মর্যাদার কারণে মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। অপরাধের সংশ্লিষ্টতা বিবেচনা করে এই বিষয়টি নির্ধারণ করা উচিত ছিল।
শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিকুল হক বলেন, কোনো মামলা জনগুরুত্বপূর্ণ কিনা তা বিবেচনার জন্য জরুরি ক্ষমতাবিধি মালায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। এ কারণে মামলা এই আইনে নেওয়ার ক্ষেত্রে সরকার স্বেচ্ছাচারিতা করছে।
ব্যারিস্টার রফিকুল হক সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি মামলার নজির উল্লেখ করে বলেন, আইনে কোন দিকনির্দেশনা না থাকলে সেক্ষেত্রে সংবিধানের আইনের দৃষ্টিতে সমতার বিধানের লংঘন করা হয়। শেখ হাসিনার মামলার ক্ষেত্রেও সংবিধানের সেই বিধান লংঘন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই আটকের পর ওই দিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এতে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদালতে মামলাটির বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএইচডি/আরএ/এসকে/
bdnews24