২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি: এরশাদ

আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন দাবি করে এইচএম এরশাদ বলেছেন, শেখ হাসিনার প্রতি অনুরোধ- যে সব আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, ওই সব আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করে নিন। শনিবার দুপুরের পর মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে এক নির্বাচনী জনসভায় এরশাদ এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন দাবি করে এইচএম এরশাদ বলেছেন, শেখ হাসিনার প্রতি অনুরোধ- যে সব আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, ওই সব আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করে নিন। শনিবার দুপুরের পর মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে এক নির্বাচনী জনসভায় এরশাদ এ কথা বলেন। জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান বলেন, "আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। ১৯৯৬ এর নির্বাচনে আমরা ৩২টি আসনে জিতেছিলাম। ওই সময় কারাগারে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আওয়ামী লীগকে সমর্থন না করতে। কিন্তু আমি সরকার গঠনে আমি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। অথচ সরকার গঠনের পর আওয়ামী লীগ আমার দলকে দুই ভাগ করে।" তিনি বলেন, "গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় কোথাও নৌকা এবং কোথাও লাঙলের পক্ষে ভোট চেয়েছি। কিন্তু এখানে দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে লাঙলের পক্ষে ভোট চাইতে হলো। "শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ- যে সব আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, ওই সব আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করে নিন। আমি কথা দিচ্ছি, মহাজোটকে বিজয়ী করেই আনব।" ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মুজিবর রহমান। এই আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন মো. ইদ্রিস আলী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম এই আসনেরই প্রার্থী। চারদলীয় জোটকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, "তারা ক্ষমতায় গেলে আবার জঙ্গিবাদ, খুনোখুনি ও লুটপাটের রাজত্ব কায়েম করবে। তাই সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে মহাজোটকে বিজয়ী করতে হবে।" বারিধারায় নিজের বাসভবন 'প্রেসিডেন্ট পার্ক' থেকে মুন্সিগঞ্জ রওনা হওয়ার আগে এরশাদ কড়াইল বস্তিতে একটি জনসভায় বক্তব্য রাখেন। ওই বস্তি এরশাদের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর অন্তর্ভুক্ত। এ আসনে লাঙল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী তিনি। ওই আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা আসম হান্নান শাহ। জনসভায় এরশাদ বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে বস্তিবাসীকে পুনর্বাসিত করা হবে। আপনাদের ঘর বানিয়ে দেওয়া হবে, বস্তিতে আর থাকতে হবে না।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন মহাজোট নেতা এরশাদ। মুন্সিগঞ্জের পর নারায়ণগঞ্জে প্রচার চালিয়ে শনিবারই এরশাদের ঢাকায় ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৫২ ঘ.