২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের সংবাদ সম্মেলন 'উদ্দেশ্যমূলক': বিএনপি

সিঙ্গাপুরের ব্যাংকে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে বিদেশে অর্থ পাওয়ার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ ব্রিফিংকে 'রাজনৈতিক উদ্দেশ্য ও পক্ষপাতমূলক' আচরণ বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের ব্যাংকে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে বিদেশে অর্থ পাওয়ার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ ব্রিফিংকে 'রাজনৈতিক উদ্দেশ্য ও পক্ষপাতমূলক' আচরণ বলে অভিযোগ করেছে বিএনপি। যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। তিনি বলেন, "দুদকের সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিএনপি'র রাজনৈতিক প্রতিপক্ষের হাতে একটি হাতিয়ার তুলে দেওয়া হলো। বস্তুত এ কার্যক্রমের মাধ্যমে কমিশন দুর্নীতি দমনের পরিবর্তে বিএনপি দমনে কাজ করছে।" বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের আওতায় খোঁজ নিয়ে কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমপরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। নজরুল ইসলাম খান বলেন, "কমিশন এক সময় খালেদা জিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেছিল। পরে তারাই বলেছে কোনো অবৈধ সম্পদ খুঁজে পাওয়া যায়নি।" "বৃহস্পতিবার কোকোর বিরুদ্ধেও গল্প সাজানো হয়েছে"-মন্তব্য বিএনপির এ নেতার। নির্বাচনের ঠিক ১০দিন আগে বিষয়টি যেভাবে প্রচার করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম আরো বলেন, "ব্যাংক হিসেবে স্বাক্ষরটি কোকোর কিনা- তা যাচাই না করে এ ধরনের প্রচারণা গ্রহণযোগ্য নয়।" নজরুল ইসলাম খান নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের কিছু উক্তিরও প্রতিবাদ জানিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জনসভায় বিএনপি দলীয় প্রার্থীদের 'হায়েনা' অভিহিত করার অভিযোগ করে বিএনপি নেতা বলেন, "এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।" একইভাবে এরশাদের 'লজ্জা থাকলে বিএনপি নির্বাচনে অংশ নিত না' এই বক্তব্যের প্রতিবাদ জানান তিনি। ব্রিফিংয়ে বিএনপি নেতাদের মধ্যে মনিরুজ্জামান মিয়া, শমসের মবিন চৌধুরী, সোলায়মান চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ূম, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও তথ্য কর্মকর্তা মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৪৬ঘ.