২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেরিয়ে আসা আসামী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: আ. লীগ

জরুরি আইন প্রত্যাহারের পর যে সব দাগী আসামী ও সন্ত্রাসী জনসমক্ষে বেরিয়ে এসেছে জননিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জরুরি আইন প্রত্যাহারের পর যে সব দাগী আসামী ও সন্ত্রাসী জনসমক্ষে বেরিয়ে এসেছে জননিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম জরুরি অবস্থা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বলেছেন, "জরুরি অবস্থা প্রত্যাহারের পর দাগী আসামী ও সন্ত্রাসীরা বেরিয়ে এসেছে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আমরা আশা করি সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা চাই, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এদের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হোক।" এসব আসামী ও সন্ত্রাসী চারদলীয় জোটের ছত্রছায়াতেই আছে বলে এইচ টি ইমাম দাবি করেন। তিনি অভিযোগ করেন এরা মহাজোটের ভোটার ও কর্মীদের হুমকি দিচ্ছে। এইচ টি ইমাম বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ইমাম জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবারই তাদের আলোচনা হয়েছে। যেসব প্রার্থীরা আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসাররা। ইমাম বলেন, দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা নমনীয় হবে বলে তাদের জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০০৬ঘ.