ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের হাইকোর্ট বেঞ্চ ফালুর আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
এদিকে হাইকোর্ট ত্রাণের ঢেউটিন আত্মসাত দুর্নীতি মামলায় ফালুকে দুই মাসের জামিন মঞ্জুর করেছে।
মো. আরায়েসউদ্দিন ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ ফালুর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
ফালুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফালুর আটকাদেশ হাইকোর্ট অবৈধ করে মুক্তির নির্দেশ দিয়েছে। তিনি সর্বশেষ মামলাটিতেও জামিন পেয়েছেন। তাই এখন তার কারামুক্তিতে আর কোন বাধা নেই।"
ফালুকে গত ২৬ অক্টোবর আটকাদেশ দিয়েছিল সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটের পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর হাইকোর্ট রুলনিশি জারি করেছিল।
সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফালু ব্যাপক ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২৬ঘ.
bdnews24