২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ঢাকায়; সন্ধ্যায় আবার প্রচারে নামবেন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়ে মঙ্গলবার বিকালে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়ে মঙ্গলবার বিকালে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে রাজবাড়ী থেকে ঢাকার পথে রওনা হন তিনি। বিজয় দিবসে দুপুর আড়াইটায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকায় ফিরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীতে ১০টি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন। বুধবার তার উত্তরাঞ্চল সফরে যাওয়ার কথা। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, সকাল ১০টায় রাজবাড়ী থেকে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হন। বেলা আড়াইটায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তিনি। এর পর ঢাকায় এসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান বিএনপি চেয়ারপারসন। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ। সেখান থেকে খালেদা জিয়া মইনুল সড়কে নিজ বাসভবনে যান। বিকালেই তিনি রাজধানীতে নির্বাচনী প্রচারে বের হবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। খালেদা জিয়া ভাষানটেক, কারওয়ান বাজার, কলাবাগান, হাজারীবাগ পার্ক, মতিঝিল, সবুজবাগ, মাদারটেক, মধুবাগ ও মগবাজার এলাকায় ১০টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দিনের নির্বাচনী সফর শেষে সোমবার রাতেই খালেদা জিয়ার ঢাকা ফেরার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি পারাপার বন্ধ থাকায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে রাত কাটান। গত রোববার থেকে মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ২২টি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। তিনি গত শুক্রবার সিলেট হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। খালেদা জিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার ওই অঞ্চলে সফরে বেরিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪০ ঘ.