ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ দফা প্রতিশ্র"তির সমন্বয়ে তৈরি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার 'দিন বদলের সনদ' উৎসর্গ করা হয়েছে নতুন ভোটার হওয়া তরুণ-তরুণীদের উদ্দেশে। দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তিতে বাংলাদেশকে জনগণ যেভাবে দেখতে চায়- সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভিশন-২০২১ শিরোনামে এসব কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের ২৩ দফার মধ্যে ৫টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের উদ্যোগ, বৈষম্য রুখে দারিদ্র বিমোচন এবং সুশাসন প্রতিষ্ঠা।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "নিছক ক্ষমতার রদবদলের জন্য নয়, দেশকে ভয়াবহ সংকট থেকে উদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে অগ্রসর করে নিতে বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য আমরা আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য বা রূপকল্প, আগামী পাঁচ বছরে বাস্তবায়নযোগ্য কর্মসূচি এবং আশু ও জরুরি করণীয়সমূহ সংক্ষিপ্ত আকারে হাজির করেছি।"
এবার প্রথম ভোটার হওয়া তরুণ-তরুণীরা উদ্দেশে তিনি বলেন, "আমাদের বর্তমান তোমাদের ভবিষ্যতের জন্য উৎসর্গ করছি।"
নির্বাচন কমিশনের এক কর্মকর্তার হিসাব অনুযায়ী, এবার দেশের মোট ভোটারের ১৭ শতাংশই নতুন ভোটার।
ইশতেহারে হাসিনা বলেন, "আমরা মনে করি, এ কর্মসূচি ও ভিশন-২০২১ বাস্তবায়নে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পৃক্ততার ওপরই এর সাফল্য বহুলাংশে নির্ভর করছে। সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ইশতেহার বাস্তবায়ন করে আমরা নতুন প্রজন্মকে একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেব। নতুন প্রজন্মকে তাদের ভবিষ্যৎ নির্মাণ ও জাতি গঠনের এই মহৎ কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।"
ধর্ম-বর্ণ, শ্রেণী ও দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর 'সুদৃঢ় ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার' মাধ্যমেই এসব কর্মসূচি ও অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন হাসিনা।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারোয়ার মোর্শেদের হিসাব অনুযায়ী নতুন ভোটার তালিকার প্রায় ১৭ শতাংশ ভোটার এবারই প্রথম ভোট দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর গড়ে ১৭/১৮ লাখ নাগরিক ১৮ বছরে পা দেন; অর্থাৎ তারা ভোটদানের উপযুক্ত হন। সে বিবেচনায় গত ৮ বছরে প্রায় ১ কোটি ৩৫ লাখ লোক ভোট দেওয়ার উপযুক্ত হয়েছেন। এই সংখ্যা দেশের মোট ভোটারের প্রায় ১৭ শতাংশ।
২০০৮ সালের ভোটার তালিকা অনুযায়ী, দেশের ভোটার সংখ্যা ৮ কোটি ১০ লাখ।
সারোয়ার মোর্শেদ বলেন, "অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নতুন ভোটারদের ৯৫ শতাংশই ভোটকেন্দ্রে যান। ভোট নিয়ে এই বয়সশ্রেণীর ভোটরদেরই আগ্রহ থাকে সবচে বেশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/এমএ/জেকে/০৩০৫ ঘ..
bdnews24