ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিটার্নিং কর্মকর্তা বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১১৯ জন প্রার্থী। আর রিটার্নিং কর্মকর্তার বৈধ ঘোষিত অন্তত ৩ জনের মনোনয়নপত্র আপত্তি শুনানির পর অবৈধ ঘোষণা করেছে কমিশন।
বুধবার প্রার্থী ও আপত্তিকারীদের আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব রফিকুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিক এই সিদ্ধান্ত জানান। তবে শুনানির পর অবৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা কমিশন সরবরাহ করতে পারেনি।
নির্বাচন কমিশন কার্যালয়ে গত ৬ ডিসেম্বর থেকে এসব আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়। মঙ্গলবার ঈদের দিন বাদে গত বুধবার গভীর রাত পর্যন্ত শুনানি চলে। কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা শুনানিতে অংশ নেন।
শুনানির প্রথম দিন ৬ ডিসেম্বর ৩০ জন, দ্বিতীয় দিনে ৩৭ জন এবং শেষ দিনে ৫২ জনের মনোনয়নপত্র কমিশন বৈধ ঘোষণা করে। আর বুধবার বৈধ ঘোষিত মনোনয়নের ব্যাপারে আপত্তির শুনানির পর কমিশন অন্তত ৩ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
এই তিন প্রার্থী হলেন- কুমিল্লা-১১ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ, বরিশাল-১ আসনে বিএনপি'র আব্দুস ছোবহান ও চাঁদপুর-৪ আসনে বিএনপি'র আব্দুল হান্নান।
বাকিদের নাম ও তালিকা তাৎক্ষণিকভাবে কমিশন জানাতে পারেনি।
শেষ দিনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, রাজশাহী-১ আসনে ড. এনামুল হক, চাঁদপুর-২ আসনের জালাল উদ্দিন এবং জয়পুহোট-১ আসনের আব্দুল আলীমের মনোনয়নপত্র বৈধতা পায়।
বুধবার আপিলের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "নির্বাচনী আইনের আরও সংস্কার প্রয়োজন। বিশেষ করে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা গেছে। অনেকে আবার প্রার্থীদের হয়রানি করতে আপিল করেছেন। কমিশন ধৈর্যের সঙ্গে এসব জটিলতা নিরসন করছে।"
সবার সহযোগিতায় আগামী ২৯ ডিসেম্বর সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয় নির্বাচন কমিশন। ওই সময়ে জমা পড়ে ২৪৫৬টি মনোনয়পত্র। ৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে কমিশন ৫৫৭টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৭ ডিসেম্বর কমিশনে আপিল করার সুযোগ পান। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ৭ ডিসেম্বর পর্যন্ত ৩৮৮টি আপিল ও আপত্তি জমা পড়ে। এর মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৩০৭টি এবং বৈধ ঘোষিত মনোনয়নের বিরুদ্ধে ৮১টি আপিল আবেদন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24