২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রার্থী ও নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হাসিনার

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের বিভিন্ন আসনে দলের প্রার্থী ও শীর্ষ স্থ্নাীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 02:14 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের বিভিন্ন আসনে দলের প্রার্থী ও শীর্ষ স্থ্নাীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে হাসিনা সিলেট বিভাগের ১৯টি আসনে জয়লাভের ব্যাপারে দলের নেতা ও প্রার্থীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দলের নেত্রী শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে অবস্থানকালে বিকেল ৪টার দিকে স্থানীয় নেতা এবং দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

তিনি বলেন, "বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে। নেত্রী সিলেট বিভাগের ১৯টি আসনে জয়লাভের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন।"

এসময় সিলেট বিভাগে বিভিন্ন আসনে দলের ১৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন বলে তিনি জানান। তবে হাসিনা কি কি নির্দেশনা দিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট সিটি করপোশেনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বৈঠকের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রী স্থানীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৈঠকে রাজনৈতিক কোনো আলোচনা করেননি।"

বৈঠকে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য দেওয়ান ফরিদ গাজী ও আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সাবেক হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ বক্স ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

মুহিতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও জনসভা

সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের নির্বাচন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি ভিআইপি রোডের কুয়ারপারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

কার্যালয় উদ্বোধনকালে আবুল মাল আবদুল মুহিত বলেন, "প্রতিবারের মতো দলীয় সভানেত্রী শেখ হাসিনা সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আর প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সিলেট-১ আসনে মহাজোটের নির্বাচনী প্রচারাভিযান শুরু হল।"

তিনি নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য দেওয়ান ফরিদ গাজী, সাবেক সাংস্কৃতিক সচিব ড. এনামুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপিকা শাহেলা খাতুন, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক প্রমুখ।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

পরে সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর দরগাহ গেইটে আবুল মাল আবদুল মুহিতের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ সাদ মিয়া। বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ দলের স্থানীয় নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.