২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ছয়টি আসনে মঙ্গুসহ ১৫ জনের মনোনয়ন প্রত্যাহার

বরিশালের ৬টি আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া মোশারেফ হোসেন মঙ্গুসহ ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ১৫ জন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুশফিক আহমেদ শামীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

বরিশাল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের ৬টি আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া মোশারেফ হোসেন মঙ্গুসহ ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ১৫ জন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুশফিক আহমেদ শামীম। তার দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল-৩ ও বরিশাল-৬ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া মোশারেফ হোসেন মঙ্গু ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আনোয়ার হোসেন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ ও ৩ আসন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে ঢাকা-৮ আসনে তার প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারকারী বাকিরা হলেন- বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার ওমর আলী, বরিশাল-২ আসনে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) গোলাম কিবরিয়া টিপু, ওয়াকার্স পার্টির মন্টু লাল কুন্ড, জাকের পার্টির নুর মোহাম্মাদ হাওলাদার, বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আফজালুল করিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. বখতিয়ার উদ্দিন, বরিশাল-৫ আসনে বিকল্প ধারার অধ্যক্ষ আব্দুর রশিদ খান, ওয়াকার্স পার্টির আব্দুস সত্তার, বিজেপির মো. রহমতউল্লাহ, গণ ফোরামের হিরন কুমার দাস মিঠু এবং বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ মল্লিক। বরিশাল-২ আসনে গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন প্রত্যাহার করলেও বরিশাল-৩ আসনে তার প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.