ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে মহাজোটে নয়, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন,'' আমরা এককভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেসব আসনে আমাদের প্রার্থীর অবস্থান ভাল, সেসব প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যরা আজই প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।''
তিনি এলডিপি প্রার্থীদের ছাতা প্রতীকে ভোট দেওয়ারও আহবান জানান।
অলি আহমেদ বিএনপির বিরুদ্ধে নিজ দলের নেতাদের টাকা ও মন্ত্রীত্বের লোভ দেখিয়ে মনোনয়ন দেওয়ার অভিযোগও করেন তিনি।
অলি দুর্নীতিবাজ,সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রার্থীদের বিরুদ্ধে 'না ' ভোট প্রদানের জন্য জনগনের প্রতি আহবানও জানান।
রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাজোটের সঙ্গে আসন নিয়ে কিছু না হওয়ার কারণে এককভাবেই নির্বাচন করার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
তিনি বলেন,'' আমরা সর্বমোট ১৫ থেকে ২০ আসনে মহাজোটের প্রার্থী হওয়ার দাবি করেছিলাম। কিন্তু অদ্যাবধি মনোনয়নের ব্যাপারে মহাজোটের পক্ষ থেকে এলডিপি'র প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যার ফলে পার্টির ৫ জন সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি নির্বাচন থেকে বিরত রয়েছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে দলের ব্যাপক ক্ষতি হয়েছে।''
অলি আহমেদ মহাজোটে না থাকার কারণ ব্যখ্যা করে বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ, দুর্নীতিবাজ,সন্ত্রাসী ও চাঁদাবাজীদের শাস্তি প্রদান, সংসদকে কার্যকর করাসহ ১৪ দফা দাবির বিষয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কি অবস্থান নেবে- সে সর্ম্পকে নির্বাচনের আগে কেনো আলোচনা করেনি।
তিনি বিএনপি বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন,'' বিএনপির কিছু নেতা আমাদের পার্টির অনেক নেতাদের বড় অংকের টাকা, মনোনয়ন ও মন্ত্রীত্বের লোভ দেখিয়ে তাদের দলে নেওয়ার বিগত কয়েকদিন দিবা রাত্রি চেষ্টা করেছেন। এলডিপি ধ্বংস করার জন্য যড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিলেন। আল্লাহর মেহেরবানীতে শুধু একজন ছাড়া আমাদের পার্টির নেতারা লোভ, লালসার উর্ধ্বে উঠে এলডিপি ছেড়ে যায়নি।''
সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন,''নির্বাচনে জয় পরাজয় আমাদের কাছে মূখ্য বিষয় নয়। জনগন যাকেই নির্বাচিত করুক, ্আমাদের কোনো আপত্তি থাকবে না। যে বা যারা সরকার গঠন করবে, দেশের স্বার্থে আমরা তাদের সমর্থন করব।''
একই সঙ্গে অলি বর্তমান সরকারের কর্মকাণ্ড দুর্নীতিবাজদের রক্ষা করার পক্ষে কাজ করেছে বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতি মন্ডলীর সদস্য দিদার বখত, ডা. নাজিমউদ্দিন, আবুল কাশেম চৌধুরী, ইসমত জেরিন, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৩২৪ ঘ.
bdnews24