২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট ছেড়ে গেলেন ক্ষুব্ধ এরশাদ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর দলীয় কার্যালয়ে এক প্রেসিডিয়াম বৈঠক শেষে অবসরপ্রাপ্ত জেনারেল এরশাদ সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর দলীয় কার্যালয়ে এক প্রেসিডিয়াম বৈঠক শেষে অবসরপ্রাপ্ত জেনারেল এরশাদ সাংবাদিকদের এ কথা জানান। দৃশ্যত ক্ষুব্ধ এরশাদ সাংবাদিকদের বলেন, "জাতীয় পার্টি আর মহাজোটে নেই। আওয়ামী লীগ এখন যদি আমাদের ৭০ বা ৮০টি আসনও সাধে তাও আমরা মহাজোটে ফিরে যাবো না।" "মহাজোট থেকে বেরিয়ে আসার ব্যাপারে আমরা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এর আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় আমরা বুঝতে পেরেছিলাম যে আওয়ামী লীগও চায় না জাতীয় পার্টি মহাজোটে থাকুক।" এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, "সমস্যা জাতীয় পার্টিই সৃষ্টি করেছে। এই সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে।" বুধবার রাতে সুধা সদনের বাইরে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ সেলিম এ কথা বলেন। তিনি বলেন, "জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সর্বশেষ বৈঠকে ৪১টি আসনে সমঝোতা হয়েছিল। সে অনুযায়ী চিঠিও ইস্যু করা হয়েছিল।" জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে শেষে এক ব্রিফিং এর দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, "আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমাদের আন্তরিকতার কোনও অভাব ছিল না। আমরা একাধিকবার বলেছি আমরা মহাজোটে আছি। আওয়ামী লীগ কয়বার বলেছে? "আমরা বলেছিলাম আপনারা আমাদের আসনে কাউন্টার প্রার্থী রাখবেন না। আমাদের অনুরোধ উপেক্ষিত হয়েছে। প্রেসিডিয়াম সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে মহাজোটে থাকা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।" এর আগে বৈঠক চলার সময় জাতীয় পার্টির অন্তত তিনজন প্রেসিডিয়াম সদস্য টেলিফোনে জানিয়েছিলেন তাদের দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে বেরিয়ে এসেছে। বুধবার রাতে কাজী জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মহাজোটে থাকছি না। এব্যাপারে (প্রেসিডিয়াম বৈঠকে) সিদ্ধান্ত হয়েছে।" বৈঠক শেষ হবার পর পরই রাত সাড়ে ৮টায় এরশাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর টেলিফোনে এ কথা বলেন। কাজী জাফর বলেন, "আজ রাতেই এ ব্যাপারে প্রেস বিবৃতি দেয়া হবে। প্রয়োজন হলে আগামীকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন করা হবে।" কেন এই সিদ্ধান্ত নেয়া হলো জানতে চাইলে কাজী জাফর বলেন, "বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করা হবে।" প্রেস ব্রিফিং এ কাজী জাফর বলেন, প্রেসিডিয়াম সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আমরা আর মহাজোটে নেই। ৪১টি কেন ১০১ টি আসন দিলেও মহাজোট আর জোরা লাগবে না। তাদের আর বিশ্বাস করা যায় না। তিনি বলেন, জাতীয় পার্টি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে। আমরা চেয়েছিলাম মহাজোটের সরকার গঠিত হবে। বৈঠকে উপস্থিত আরেকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে ৪৭টি আসন জাতীয় পার্টিকে দেয়া হয়েছিলো সেগুলোতে আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করছে না। মূলত এ কারণেই আমরা থাকছি না।" প্রেসিডিয়াম বৈঠক শেষ করে এরশাদ বেরিয়ে এলে জাতীয় পার্টির নেতারা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা বলতে থাকেন, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি। তারা বেঈমানি করেছে। আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে। জাতীয় পার্টিতে হেয় প্রতিপন্ন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান উত্তেজিত হয়ে বলতে থাকেন, "কাল যেন আবার কেউ না ছুটে। সুধা সদনে যেন না যায়। গেলে ঠ্যাং ভেঙে ফেলা হবে।" এর আগে এরশাদ দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধা সদনে আসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দু'ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে বেরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাংবাদিকদের বলেন, "আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাতে চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তারপর, আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।" এদিকে কাজী জাফর আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় জাতীয় পার্টির কুমিল্লা-১১ আসনে মনোনয়ন প্রার্থী কাজী জাফরের মনোনয়ন বৈধ ঘোষণা কেেরলও নির্বাচন কমিশন বুধবার তা অবৈধ ঘোষণা করে। সন্ধ্যায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়। কাজী জাফরের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে এক প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এমএইচসি/টিএইচ/জিএনএ/২২১০ ঘ.