২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা ১৩ ডিসেম্বর

আগামী ১৩ ডিসেম্বর বিএনপি নবম সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিক ও সুধীবৃন্দের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 08:20 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৩ ডিসেম্বর বিএনপি নবম সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিক ও সুধীবৃন্দের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করবেন। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে এই ইশতেহারের কথা উল্লেথ করে খালেদা জিয়া বলেন, "দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কী কী করব এবং করতে চাই তা নির্বাচনী ইশতেহারে উল্লেখ থাকবে।" তিনি বলেন, "১২ ডিসেম্বর সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করব। পরদিনই আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করব।" বিএনপি সর্বশেষ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল ২০০১ সালের নির্বাচনকে সামনে রেখে ওই বছরের সেপ্টেম্বর মাসে। ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখেও বিএনপি একটি নির্বাচনী ইশতেহার তৈরি করেছিল। তবে ওই নির্বাচনের আগে জরুরি অবস্থা জারি হওয়ায় তা প্রকাশ করা হয়নি। এবারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে। এই ইশতেহারে দেশের মানুষের গত দুই বছরের সমস্য-সংকট নিরসনে দলের অঙ্গীকার ও কর্মসূচি থাকবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারী শিক্ষাসহ শিক্ষার আমূল সংস্কার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং কৃষিখাতে উন্নয়নসহ নানা বিষয় নির্বাচনী ইশতেহারে থাকবে।" তিনি বলেন, "গত দুই বছরে দেশে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তার একটি দিকনির্দেশনা এই ইশতেহারে আমরা রাখতে চাই। আমাদের উদ্দেশ্য, বাংলাদেশকে একবিংশ শতাব্দির উপযোগী করে সামনের দিকে এগিয়ে নেওয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৪১৪ ঘ.