ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ খেলাপের অভিযোগে বাছাইয়ে বাতিল হওয়া পাবনা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী একে খন্দকারের (আব্দুল করিম খন্দকার ) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের শুনানিতে মনোনয়নপত্র বৈধ ঘোষিত আরও কয়েকজন হলেন- চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, খুলনা-২ আসনের ঐক্যবদ্ধ নাগরিক আন্দালন প্রার্থী কাজী ফারুক আহমেদ, সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান, ফেনী-২ এর মহাজোটের প্রার্থী ইকবাল সোবহান চৌধুরী।
আবেদন নাকচ হয়েছে চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীর, নেত্রকোনা-২ আসনের বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর ও খাগড়াছড়ির বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার।
সোমবারের আপিল শুনানিত উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মো. হুমায়ূন কবির।
সন্ধ্যায় একে খন্দকার নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, "বাছাইয়ের সময় ঋণ খেলাপের অভিযোগে রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন কমিশনের শুনানিতে এ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।"
রাত ৯টায় সোমবারের শুনানির রায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের।
আপিল আবেদন শুনানির তৃতীয় দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬৫টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন।
কমিশন সচিবালয়ের উপসচিব একেএম সলিমুল্লাহ সাংবাদিকদের জানান, সোমবার শুনানির তালিকায় ১২৮টি আপিল আবেদন রয়েছে। এর মধ্যে সন্ধ্যা পর্যন্ত ৬৫টির শুনানি হয়।
এর আগে গত দু'দিনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষে ৬৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/জিএনএ/২১১৫ ঘ.
bdnews24