২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি মহাজোট থেকেই নির্বাচন করবে: এরশাদ

জাতীয় পার্টি মহাজোট থেকেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে ৫০-এর কম আসন দিলে মনবেন না বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

রংপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টি মহাজোট থেকেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে ৫০-এর কম আসন দিলে মনবেন না বলেও জানান তিনি। তিনি বলেন, "জাতীয় পার্টি (জাপা) মহাজোট থেকেই নির্বাচন করবে। আমরা ৫০টি আসন চেয়েছি এর মধ্যে ৪৭টি আসন আমাদের দিতেই হবে। এর কম আমরা মানব না।" রোববার সন্ধ্যায় রংপুরে তার পল্লী নিবাস বাসভবনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ এ কথা বলেন। নিজেকে রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- "সময়ই বলে দেবে।" আগামী ১১ ডিসেম্বর দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে বলে জানান তিনি। এবারের ইশতেহারে দারিদ্র বিমোচন, সহায় সম্বলহীন মানুষদের বিনামূল্যে খাবার সরবরাহ, মধ্যবিত্তদের জন্য স্বল্প মুল্যে রেশনিং ব্যাবস্থা, রংপুরসহ সারা দেশে আটটি প্রদেশ ঘোষণা, রংপুরের উন্নয়নসহ অনেক বক্তব্য থাকবে। বাবা-মায়ের কবর জেয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরুর পর সিলেটে শাহ জালালের মাজার জেয়ারত করবেন বলে জানান জাপা প্রধান। ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন উল্লেখ করে এরশাদ বলেন, "এ আসনের অপর দু'প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান ও মেজর জেনারেল ইব্রাহিম সেনা প্রধান থাকাকালীন আমার অধীনে চাকরি করেছেন। তারা নিশ্চয়ই চাইবেন না আমি পরাজিত হই।" এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাপা প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা, জেলা জাপা সভাপতি করিম উদ্দিন ভরসা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা যুব সংহতি সভাপতি এস.এম. ইয়াসির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, রংপুর যাওয়ার পথে রোববার দুপুরে বগুড়ার পর্যটন মোটেলে যাত্রাবিরতিকালে এরশাদ সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এরশাদ বলেন- "রাষ্ট্রপতি হওয়া বড় কথা নয় মহাজোটকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। মহাজোট ক্ষমতায় গেলে অবহেলিত উত্তরবঙ্গের উন্নয়ন করা হবে।" প্রথমবারের মতো মুক্ত অবস্থায় নির্বাচন করার কথা উল্লেখ করে তিনি বলেন, "মহাজোট থেকে নির্বাচন করলে আমরা অবশ্যই ভাল করব। মহজোট অবশ্যই জয়লাভ করবে।" জরুরি অবস্থা সম্পর্কে তিনি বলেন, "জরুরি অবস্থায় নির্বাচন হতে পারে- তা আমরা দেখেছি। জরুরি অবস্থা তুলে নিলে দেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে।" এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, বগুড়া জেলা জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.