২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৫৭ জনের মনোনয়ন বাতিল

ঋণ ও বিল খেলাপ করা, মনোয়নপত্রে ত্র"টি, নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে না পারা, ভোটারদের স্বাক্ষর জাল করারসহ নানা কারণে ৫৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। >> মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরাসহ পূর্ণাঙ্গ তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঋণ ও বিল খেলাপ করা, মনোয়নপত্রে ত্র"টি, নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে না পারা, ভোটারদের স্বাক্ষর জাল করারসহ নানা কারণে ৫৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষদিন বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বুধবার প্রথমদিন বেশ কয়েকজন ভিআইপি প্রার্থীসহ প্রায় দুশ' জনের মনোনয়ন বাতিল হয়। বৃহস্পতিবারও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, আওয়ামী লীগ মনোনীত অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল এ কে খন্দকারসহ বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়। এদের মধ্যে কারো কারো মনোনয়ন স্থগিত করা হয়েছে। কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেও নিয়েছেন। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে বিভিন্ন দলের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই হাজার ৪৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা আগামীকাল শুক্রবার থেকে তিনদিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। তাদের আবেদনের শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন। তবে বৃহস্পতিবার অনেকেই আপিল করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৯ জন। তিনি জানান, ঢাকা জেলায় সর্বোচ্চ ৬৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এ জেলায় বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১। সবচেয়ে কম বাতিল হয়েছে ঠাকুগাঁও, দিনাজপুর, রাজবাড়ী জেলায় একটি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) একেএম সলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বৃহস্পতিবার থেকে আপিল আবেদন নেওয়া হচ্ছে। শনিবার থেকে পর্যায়ক্রমে এসব আবেদনের শুনানি শুরু হবে।'' বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১২টি আবেদন জমা পড়েছে বলে তিনি জানান। উপসচিব সলিমউল্লাহ আরও জানান, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/টিএইচ/এমএসবি/২৩৩০ ঘ.