২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরুল ইসলামের বাসায় অগ্নিকাণ্ডের তদন্ত দাবি করেছেন খালেদা জিয়া

গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও 'দোষীদের' বিচার দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রাতে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তার বরাত দিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এ দাবির কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও 'দোষীদের' বিচার দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রাতে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তার বরাত দিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এ দাবির কথা জানান। তিনি বলেন,'' ম্যাডাম ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।'' নজরুল ইসলাম খান জানান, খালেদা জিয়া সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ এ রাজনীতিককে দেখতে যান খালেদা জিয়া। তার স্বজনরা এসময় বিএনপি নেত্রীকে অগ্নিকাণ্ডের বর্ণনা করেন। তারা এ-ও জানিয়েছেন, কয়েকদিন ধরে নুরুল ইসলামকে কেউ কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছিল। 'মিথ্যা' জন্মতারিখের জন্য খালেদা জিয়াকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি প্রসঙ্গে বিএনপি যুগ্ম মহাসচিব একে 'মিথ্যা অপপ্রচার' আখ্যা দিয়ে বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা আজ আমাদের সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধেও পাল্টা সমালোচনা করার মতো অনেক বিষয় আছে। আমরা সেরকম চাই না। তাই এরকম কাদাছোড়াছুড়ি থেকে বিরত থাকুন।'' ঋণ খেলাপী ও দণ্ডপ্রাপ্তদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী বলা যায় না। এদিকে বুধবার রাতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ন্যাশনাল পিপলস পার্টির প্রধান শেখ শওকত হোসেন নিলুও বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন। তারা নির্বাচনে আসন বন্টন নিয়ে কথা বলেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৫৪ঘ.