২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী চূড়ান্ত করতে ১১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে আ. লীগ

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 08:57 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার সকালে আওয়মী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এইচ টি ইমাম প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি তুলে ধরেন। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, "প্রার্থীতা যাচাই-বাছাইয়ের আগে দলীয় প্রার্থী চূড়ান্ত করলে কিছু অসুবিধার সৃষ্টি হয়। এজন্য আওয়ামী লীগ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত দলীয় প্রার্থী চড়ান্ত করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।" তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনার উদ্যোগ নেবে বলে তাদের জানিয়েছে। এইচটি ইমাম বলেন, "নির্বাচন কমিশন প্রয়োজনে আরপিও সংশোধনের উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এই আইন রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার জন্য। মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত করার সুযোগ দেওয়া হলে তার দলের জন্য সহায়ক হবে।" ঘোষিত তফসিল অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার (৩ ও ৪ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাই করা হবে এবং ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ধার্য রয়েছে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাইয়ের আগে দলীয় প্রার্থী চূড়ান্ত করে রিটার্নিং অফিসারকে জানানোর কথা। একইসঙ্গে কোনো আসনে একটি দলের একাধিক প্রার্থী থাকলে পছন্দ অনুসারে প্রার্থী প্যানেলের নাম দেওয়ারও বিধান রয়েছে। বুধবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দলের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৪৩৮ ঘ.