২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র বাছাইয়ের আগেই জোটগুলোর প্রার্থী চূড়ান্ত করতে হবে

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ১১ ডিসেম্বর হলেও রাজনৈতিক দল ও জোটগুলোকে ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগেই প্রার্থীদের নাম চূড়ান্ত করতে হবে। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মঈনুল হক চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ১১ ডিসেম্বর হলেও রাজনৈতিক দল ও জোটগুলোকে ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগেই প্রার্থীদের নাম চূড়ান্ত করতে হবে। (সংশোধিত) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের উদ্ধৃতি দিয়ে মিহির সারওয়ার মোর্শেদ বলেন, "মনোনয়নপত্র বাছাইয়ের আগেই দলগুলোকে চূড়ান্ত মনোনয়নের স্বাক্ষরিত সার্টিফিকেট নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারকে দিতে হবে।" অনেকেই মনে করেছিলেন মনোনয়ন চূড়ান্ত করার জন্য জোটগুলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। বিভিন্ন দল বা জোট কিছু আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং বাছাইয়ের আগেই তাদের প্রার্থীদের পছন্দের ক্রম ঠিক করতে হবে। এর মধ্যে প্রথম যে প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন তিনি ছাড়া অন্যদের মনোনয়ন বাতিল হবে। ইসির একজন কর্মকর্তা বলেন, এর ফলে পছন্দের কোনো প্রার্থী বাছাইতে বাদ পড়লেও দলগুলোর কোনো না কোনো প্রার্থী টিকে থাকবে। বাছাইয়ের পর রিটার্নিং অফিসাররা দলগুলোর চূড়ান্ত তালিকা মত নির্বাচনী প্রতীক বরাদ্দ করবেন। বাছাইয়ের পর পরবর্তী তিন দিনের মধ্যে মনোনয়ন বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে কমিশনের উপ-সচিব (আইন) একেএম সলিমউল্লাহ জানান, মনোনয়নপত্র বাতিল বা গ্রহণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে কোনো প্রার্থী ক্ষুব্ধ হলে বাছাইয়ের পরবর্তী তিনদিনের মধ্যে (৫-৭ ডিসেম্বর) কমিশনের কাছে আপিল করা যাবে। এরপর তা শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। দলভিত্তিক মনোনয়নপত্র জমার তালিকা জানতে ক্লিক করুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/০০০১ঘ.