২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামালকে চারদলের প্রার্থী করার দাবিতে ফরিদপুরে সমর্থকদের মানববন্ধন, অনশন

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফকে চারদলের প্রার্থী করার দাবিতে মঙ্গলবার তার সমর্থক জেলা বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ফরিদপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফকে চারদলের প্রার্থী করার দাবিতে মঙ্গলবার তার সমর্থক জেলা বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দলের মনোনয়ন না পেয়ে কামাল ইবনে ইউসুফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাকে চারদলের প্রার্থী করার দাবিতে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা গত তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে কামালের সমর্থক বিএনপি নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে গণ অনশন কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, শহর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আফজাল খান পলাশ, শ্রমিক দলের সভাপতি মোজাফফর হোসেন মুসা, যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহিলা দলের সভানেত্রী বিলকিস ইসলাম, একে কিবরিয়া স্বপন, সেলিম মিয়া প্রমুখ। বিএনপি নেতারা বলেন, এ আসনে চারদলের প্রার্থী হিসেবে জামায়াতের সেক্রটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কেউ মেনে নেবে না। মুজাহিদকে স্বাধীনতা বিরোধী ও রাজাকার হিসেবে আখ্যা দিয়ে তারা বলেন, ফরিদপুরের মাটিতে তাকে (মুজাহিদ) প্রতিহত করা হবে। বিএনপি নেতারা আরও বলেন, দলের ভেতর ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা নেত্রী খালেদা জিয়াকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। তারা জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে চায়। তারা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার এবং এ আসনে কামাল ইবনে ইউসুফকে চারদলীয় জোটের প্রার্থী করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। এর আগে সোমবার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা একই দাবি জানায়। একইসঙ্গে তারা মুজাহিদকে প্রতিহত করার ঘোষণা দেয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু জানান, তার নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবার ঢাকায় যাচ্ছেন। সন্ধ্যা সাতটার দিকে প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সঙ্গে দেখা করবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.