কুড়িগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির দুই সাবেক সাংসদের মনোনয়ন নিয়ে অসন্তোষের কারণে কুড়িগ্রাম সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতা-কর্মীরা দল ছাড়ছেন। এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী দলত্যাগ করেছেন। আরও অনেকেই রয়েছেন যাওয়ার পথে।
জেলায় জাতীয় পার্টির সাবেক দুই সাংসদ তাজুল ইসলাম চৌধুরী ও মাওলানা মতিউর রহমান মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে তাজুল ইসলাম কুড়িগ্রাম-২ ও মতিউর রহমান কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন নিয়ে অসন্তোষের কারণে সদ্য বিএনপিতে যোগ দেওয়া জেলা জাপার সাবেক সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপার সাবেক সাংসদ তাজুল ইসলাম চৌধুরী ও মাওলানা মতিউর রহমান দলের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ কারণে জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী দল ছাড়ছেন বলে তিনি দাবি করেন।
তিনি দাবি করেন, গত এক সপ্তাহে ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, ঘোগদাহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাষ্টার, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, ভাঙামোড় ইউপি চেয়ারম্যান আব্দুল রহমত আলী নান্টু, জেলা জাপার সহ-সভাপতি আব্দুল হক ও মো. নুরুন্নবী, রাজারহাট উপজেলা সভাপতি জাকির হোসেন, সদর উপজেলা সহ-সভাপতি আহাম্মদ হোসেনসহ পাঁচ শতাদিক নেতা কর্মী দলত্যাগ করেছেন।
সফিকুল ইসলাম জানান, সদর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন কমিটির সভাপতিরা ইতোমধ্যে জাতীয় পার্টি ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে দলের প্রথম সারির কয়েকজন নেতাসহ অনেকেই বিএনপিতে যোগ দেবেন।
সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সুসেন সরকার জানান, তাজুল ইসলাম চৌধুরী জাপায় ফিরতে চাইলেও এরশাদের অনঢ় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। দলে অসন্তোষের কথাও স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে জাতীয় পার্টি নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন ইউপি চেয়ারম্যান দল ছাড়লেও দলের কোনো ক্ষতি হবে না। সাধারণ ভোটার ও কর্মীরা এখনও এরশাদের সঙ্গে রয়েছে। তাছাড়া যতজন দল ত্যাগ করবে তার চেয়ে বেশি দলে যোগদান করবে।"
জেলা জাপা সাধারণ সম্পাদক আবছার হোসেন দাবি করেন, "ইতোমধ্যে জাতীয় পার্টিতে যোগ দিতে শুরু হয়েছে।"
তবে এর মধ্যে কারা জাতীয় পার্টিতে যোগ দিয়েছে সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24