ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের মধ্যে বিরোধিতাকারীদের শায়েস্তা করার প্রস্তাব কারাগারে থাকার সময় পেয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "আমাকে বলা হয়, 'আপনি বলেন, আপনার দলে কে আপনার সঙ্গে বেঈমানি করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।' আমি তাদেরকে কোনও নাম বলিনি। আমি শুধু আল্লাহর কাছেই বিচার চাই।"
মঙ্গলবার দলের ধানমণ্ডির কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন হাসিনা। তবে কারা ওই প্রস্তাব দিয়েছিল- আওয়ামী লীগ সভানেত্রী তা জানাননি।
শেখ হাসিনা বলেন, "বারবার তাদের অনুরোধের এক পর্যায়ে বলতে বাধ্য হলাম, আপনারাই তো জানেন কারা বেঈমানি করেছে। কারণ বাতাস তো আপনারাই দিয়েছেন।"
তারা আবার বলেছে- 'শুধু নামটি দেন, দ্যাখেন কী করি'। এর মধ্যেই আমার পড়শী নাম দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হলো। আমার কাছে এসে বললো, 'দ্যাখেন উনি তো নাম দিয়ে দিয়েছেন'।"
পড়শী হিসেবে কারও নাম শেখ হাসিনা উল্লেখ করেননি। তবে সংসদ ভবন এলাকায় যে বিশেষ কারাগারে শেখ হাসিনা বন্দি ছিলেন; তার পাশের ভবনেই বন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
হাসিনা বলেন, "আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি। দেশের মানুষের কথা ভেবে ধৈর্য হারাইনি।"
তারা আমাকে আরও বলেছে, 'আপনাকে কিছুই করতে হবে না। আপনি প্রধানমন্ত্রীর মর্যাদায় থাকবেন।' তারা তো আমাকে এখানে বসতে দিতেও চায়নি। কিন্তু এখন আমি এখানে বসেই আপনাদের সঙ্গে কথা বলছি।"
শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের নেতারা।
আওয়ামী লীগ সভানেত্রী তাদের বলেন, "শান্তির ধর্ম ইসলামকে আজ একটি ক্ষুদ্র গোষ্ঠী সন্ত্রাসীদের ধর্মে পরিণত করতে চাইছে। ইসলামের নামে এ সন্ত্রাস বন্ধ করা দরকার। ইসলাম ধর্মের অন্তর্নিহিত তাৎপর্য সবার কাছে সবার কাছে তুলে ধরতে হবে।"
বলাকা ভাস্কর্যে হামলার নিন্দা জানিয়ে হাসিনা বলেন, "এই বকগুলো কী ক্ষতি করেছিল- যে এদের ভেঙে ফেলতে হবে, এদের গায়ে কালি লাগতে হবে।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সবার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে বলে প্রতিশ্র"তি দেন হাসিনা। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার কথাও বলেন তিনি।
বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ তৈরি করা হবে জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "বেকারত্ব থেকেই যুবকরা সন্ত্রাসে জড়িয়ে পড়ে। তাই আমরা ক্ষমতায় গেলে, বেকারত্ব মোচন করা হবে। কেউ বেকার থাকবে না।
মতবিনিময় সভায় ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম খান বলেন, "আমরা চাই, আওয়ামী ক্ষমতায় গেলে যেন ইসলামী ঐক্যজোটকে মূল্যায়ন করা হয়।"
সভায় ইসলামী ঐক্যজোটের নেতাদের মধ্যে ছিলেন- চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, মহাসচিব মুনিরুজ্জামান রব্বানী প্রমুখ। আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৫২৭ ঘ.
bdnews24