২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তফ্রন্টে যোগ দিলো পিডিপি

গণফোরাম, বিকল্পধারা, কল্যাণপার্টি ও ফরোয়ার্ড পার্টি নিয়ে গঠিত জোট যুক্তফ্রন্টে রোববার যোগ দিয়েছে এক এগারোর পট পরিবর্তনের পর গঠিত দল প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণফোরাম, বিকল্পধারা, কল্যাণপার্টি ও ফরোয়ার্ড পার্টি নিয়ে গঠিত জোট যুক্তফ্রন্টে রোববার যোগ দিয়েছে এক এগারোর পট পরিবর্তনের পর গঠিত দল প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। এ উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পিডিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির প্রধান ফেরদৌস আহমেদ কোরাইশী বলেন, যুক্তফ্রন্ট পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছে। পিডিপির ডাকও অভিন্ন। এ কারণে যুক্তফ্রন্টে যোগ দিয়েছেন তারা। আগামী সংসদ নির্বাচনে যুক্তফ্রন্টের দলগুলো একসঙ্গে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, "জাতীয় রাজনীতি, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রশ্নে আমরা সবাই ঐক্যমতে পৌঁছেছি। আমরা যৌথভাবে নির্বাচনে অংশ নেব। এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে একটি বলিষ্ঠ তৃতীয়ধারা গড়ে উঠবে।" অনুষ্ঠানে বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী জানান, 'দেশে গৃহযুদ্ধ ঠেকাতে' বিকল্পধারা এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে গিয়েছিল। বদরুদ্দোজা চৌধুরী বলেন, "আমাদের দেশে সরকার দুর্নীতি করে উন্নয়ন ঠেকায় আর বিরোধীদল হরতাল, ভাংচুর করে উন্নয়নে ব্যাঘাত ঘটায়। এর পরিবর্তন দরকার। এজন্য যুক্তফ্রন্ট গঠিত হয়েছে।" রোববারের অনুষ্ঠানে গণফোরোমের কেউ ছিলেন না। এ বিষয়ে বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান জানান, যানজটের কারণে দলটির কোনো প্রতিনিধি আসতে পারেননি। অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান আ ব ম মোস্তফা আমিন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/২১৩৭ঘ.