ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকছে। রোববার কয়েকদফা আলোচনা শেষে দুই দলের 'ভুল বোঝাবুঝির' অবসান হয়েছে এবং তারা একসঙ্গে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে।
দিনব্যাপী দু'দলের নীতি নির্ধারকদের মধ্যে বিভিন্ন স্থানে বৈঠকের পর রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এতে আওয়ামী লীগের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
যৌথ সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম বলেন, "আমরা জোটবদ্ধভাবেই নির্বাচন করবো; এ বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আজকের বৈঠকে আমরা একটি সম্মানজনক অবস্থায় পৌঁছেছি। কিছু আসনে সমস্যা থাকলেও তা খুব সামান্য।"
অন্যদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, "আমি জানি কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে এখন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই মহাজোট আছে, মহাজোট থাকবে।"
সংবাদ সম্মেলনের শুরুতে আশরাফুল ইসলাম আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলুকে দেখিয়ে বলেন, "আজকে সারাদিন ওনাদের পরিশ্রমের ফলে আমরা একটি সম্মানজনক জায়গায় যেতে পেরেছি।"
আনিসুল ইসলাম মাহমুদ তার বক্তব্যে মহাজোট গঠনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, "আমরা একটি কার্যকর সংসদ চাই। আমরা চাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হোক। দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকুক এমনটিই আমাদের প্রত্যাশা।"
তিনি বলেন, "আসন ভাগাভাগি বড় কথা নয়, আমাদের কিছু অভিন্ন লক্ষ্য (কমন অবজেকটিভ) রয়েছে।"
আনিসুল ইসলাম মাহমুদ জানান, শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এরশাদ যখন তার সঙ্গে দেখা করেন তখনই দুই দলের জোটবদ্ধভাবে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এছাড়া নির্বাচনে জয়লাভ করলে জোটবদ্ধ সরকার গঠন করার ব্যাপারেও কথা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এরশাদ সাহেবের প্রধান লক্ষ্য জোটকে ক্ষমতায় নেওয়া। উনি তো বলেছেন, রাষ্ট্রপতি হওয়া বড় কথা নয় মহাজোটকে ক্ষমতায় নিতে হবে।"
জাতীয় পার্টি রাষ্ট্রপতির দাবি থেকে সরে এসেছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য উনি সচেষ্ট।"
পরে সৈয়দ আশরাফ বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেব এবং জয়লাভ করলে একসঙ্গে সরকার গঠন করবো।"
তিনি জানান, আসন ভাগাভাগি নিয়ে দুই দল সম্মানজনক অবস্থায় পৌঁছেছে।
এদিকে, সংবাদ সম্মেলনে গত শনিবারের মতো রোববারও বিএনপির মনোনয়নের সমালোচনা করেছেন আওয়ামী লীগ মুখপাত্র আশরাফ।
তিনি বলেন "জাতি বিএনপির এই মনোনয়ন দেখে হতাশ। জাতি বিএনপির কাছ থেকে আরও ভালো মনোনয়ন আশা করেছিল।"
এছাড়া জরুরি আইনে দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন আশরাফ।
অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, "মহাজোটের প্রার্থী তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে। যাচাই বাছাই শুরু হলেই প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২০৫৪ঘ.
bdnews24